

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে শেখ হাসিনার দেশে ফেরা এবং সরকারের পতন একই সঙ্গে ঘটবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম।
বুধবার (২৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. রেজাউল করিম বলেন, সরকার একদিকে জাতীয় ঐক্যের কথা বলছে, অন্যদিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদ, খুন ও তাণ্ডবের রাজনীতি দেখতে চায় না। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। এ জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হবে না; ফ্যাসিবাদের আমলে নির্যাতিত মানুষেরাই তাকে বিচারের মুখোমুখি করবে।
তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি, গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ক্ষমতাসীনদের কর্মকাণ্ডের ফল। অর্থ ও সম্পদ ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে। এমনকি মন্ত্রী-এমপি পর্যায়ের নেতারাও কারাগারে গিয়ে আওয়ামী লীগ নেতাদের ফুল দিয়ে বরণ করেছেন বলে তিনি দাবি করেন।
বর্তমান রাষ্ট্রপতিকে নিয়েও বক্তব্য দেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতি একসময় বিএনপির মহাসচিব ছিলেন। তিনি নিজের নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং তাদের মামলা প্রত্যাহার ও নিরাপদে থাকার আশ্বাস দিয়েছিলেন।
রেজাউল করিম প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগ এখন শান্তির বার্তা নিয়ে আসছে, নাকি আগুন নিয়ে আসছে? এই আগুন শুধু মানুষের ঘরবাড়ি পোড়ানোর জন্য নয়, গোটা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ।
সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমীর মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান, নবনির্বাচিত উপজেলা আমীর অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন, সাবেক আমীর নুর মোহাম্মদ রাসেল, মাওলানা নাজমুল ইসলাম শামীমসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্ব নির্বাচন এবং দলীয় অবস্থান নিয়ে আলোচনা করা হয়।
