ঢাকা
প্রকাশিত : November 25, 2026
আপডেট: November 25, 2026
প্রকাশিত : November 25, 2026

মানিকগঞ্জে বিশ্ব নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সমাবেশ ও ১৫ সংগ্রামী নারীকে সম্মাননা প্রদান

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ।।

“নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও, বিচার ও সুরক্ষা নিশ্চিত করো, বিচারহীনতার সংস্কৃতি ভাঙো”—এমন নানা স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর বুধবার মানিকগঞ্জ সরকারি সমন্বিত ভবনের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক, ইনকোটা ও গ্রিন কোয়ালিশনের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা নারী উন্নয়ন কমিটির সহসভাপতি ও নারীনেত্রী আঁখি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক বজলু, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান এবং গ্রিন কোয়ালিশনের সদস্য জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে উদ্দেশ্য ও ধারণাপত্র উপস্থাপন করেন বিশিষ্ট উন্নয়নকর্মী ও নারীনেত্রী খোদেজা সুলতানা লোপা। স্বাগত বক্তব্য দেন বারসিক পরিচালক সৈয়দ আলী বিশ্বাস ও আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার ও রিনা সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “নারী ও পুরুষ, ছেলে ও মেয়ে—সবাই আমাদের সন্তান। সবাইকে সমানতালে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। বাবা-মায়ের ভুল এবং সমাজের নানা ধরনের অবক্ষয়ের কারণে অনেক ছেলে-মেয়ে ভুল পথে পা বাড়িয়ে বিপদগ্রস্ত হয়। বিপথগামী কাউকে মারধর না করে তাকে সংশোধনের জন্য সময় দিতে হবে এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে।”

তিনি আরও বলেন, “আপনারা নিজেরা কাউকে সঠিক পথে ফিরিয়ে আনতে না পারলে আমাদের কাছে নিয়ে আসবেন। আমরা বাল্যবিবাহ, মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয়ের কুফল সম্পর্কে অডিও-ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তাদের সচেতন করে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করব।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা, নির্যাতন, বাল্যবিবাহ এবং অন্যান্য সামাজিক বৈষম্য প্রতিরোধে পরিবার, সমাজ, প্রশাসন ও নাগরিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নারী নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা এবং নির্যাতিত নারীদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

আলোচনা শেষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১৫ জন সংগ্রামী নারীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। তাঁদের এই স্বীকৃতি নারীসমাজের আত্মবিশ্বাস, সাহস ও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram