

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় উন্মুক্ত পরিবেশে বালু মজুত রেখে জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতিসাধন এবং লাইসেন্সবিহীনভাবে বালু পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের নবীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উন্মুক্ত পরিবেশে বালু রেখে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার অপরাধে এক ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে লাইসেন্সবিহীন অবস্থায় বালু পরিবহনের দায়ে এক ট্রাকচালককে চার হাজার টাকা অর্থদণ্ড করা হয়। উভয় অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সুচনা।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
