ঢাকা
প্রকাশিত : November 11, 2026
আপডেট: November 11, 2026
প্রকাশিত : November 11, 2026

প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় হরিরামপুরে গ্রীণ কোয়ালিশন কমিটির মতবিনিময় সভা

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ।।

প্রাকৃতিক সম্পদ ও কৃষিপ্রাণবৈচিত্র্য সুরক্ষা, দেশীয় বীজ সংরক্ষণ এবং পরিবেশবান্ধব কৃষিচর্চা জোরদারের লক্ষ্যে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গ্রীণ কোয়ালিশন কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে উপজেলার চালা ইউনিয়নের ইজদিয়া গ্রামে আশরাফ আলীর বাড়িতে সবুজ শক্তি ও সবুজ উন্নয়নবিষয়ক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চালা ইউনিয়ন পরিষদের সদস্য মর্জিনা বেগম। সভার উদ্দেশ্য তুলে ধরে সঞ্চালনা করেন বারসিকের সহযোগী সমন্বয়কারী সত্যরঞ্জন সাহা।

আলোচনায় অংশগ্রহণ করেন চালা ইউনিয়ন পরিষদের সদস্য ছালমা বেগম, হরিরামপুর উপজেলা গ্রীণ কোয়ালিশন কমিটির সদস্য শাজাহান বিশ্বাস, কৃষক গবেষক বিপদ ভঞ্জন বেপারী, কৃষক নাজিমুদ্দিন, আবু কালাম আজাদ, বারসিকের প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন এবং ট্রেনিং অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার শিরিন আক্তার।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, একসময় ভাতছালা বিলে পর্যাপ্ত পানি থাকত। বর্ষা মৌসুমে নদীর পানি পলিমাটিসহ বিলে প্রবেশ করত। ফলে বিলসংলগ্ন মাঠে নানা ধরনের ফসল ও বীজবৈচিত্র্য গড়ে উঠেছিল। আমন মৌসুমে দীঘা, হিজল দীঘা, ছোট ভাউয়াল্যা, বড় ভাউয়াল্যা, বরন, বর্গাদীঘা ও মোল্লা দীঘাসহ বিভিন্ন স্থানীয় জাতের ধান চাষ হতো। পাশাপাশি বিভিন্ন ধরনের মসলাও উৎপাদিত হতো।

তাঁরা আরও বলেন, একসময় বিলে মাছ, ব্যাঙ, শামুক, ঝিনুক, সাপ, কুঁচে ও কচ্ছপসহ নানা প্রজাতির জলজ প্রাণীর বিচরণ ছিল। কিন্তু বর্তমানে ভাতছালা বিলে নদীর পানি প্রবেশ না করায় পলিমাটি জমা হচ্ছে না। ফলে স্থানীয় বীজবৈচিত্র্য ও মাছের বৈচিত্র্য ক্রমেই হারিয়ে যাচ্ছে। অন্যদিকে কৃষিকাজে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে মাটি, পানি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ হুমকির মুখে পড়ছে।

সভায় প্রাকৃতিক সম্পদ ও কৃষিপ্রাণবৈচিত্র্য রক্ষায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে, ইছামতি নদীর ওপর বিভিন্ন স্থানে নির্মিত বাঁধ অপসারণের বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ; কৃষক পর্যায়ে সচেতনতা তৈরির মাধ্যমে দেশীয় বীজবৈচিত্র্য সংরক্ষণ; রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা। একই সঙ্গে মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাণ-প্রকৃতির ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভার শেষে প্রাকৃতিক সম্পদ, কৃষিপ্রাণবৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ জোরদার করতে ১৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক নির্বাচিত হন চালা ইউনিয়ন পরিষদের সদস্য ছালমা বেগম।

নবগঠিত আহ্বায়ক কমিটির পরবর্তী সভা আগামী ১২ ডিসেম্বর ২০২৬ তারিখে চালা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram