

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।
পটুয়াখালীর বাউফলের সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল এবং কার্যকর করার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএনএস)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় বাউফলের সার্বিক সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, বাউফল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক এবং আরডিএস'র পরিচালক আব্দুল খালেক।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ বলেন, বাউফলের সার্বিক সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্থানীয় মানুষের সমস্যা ও প্রয়োজন চিহ্নিত করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে। জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাও জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন, নজরুল স্মৃতি সংসদ (এনএনএস)-এর জেলা সমন্বয়কারী নাদিয়া সুলতানা, অফিসার সাদিয়া, উপজেলা সমন্বয়কারী নিলুফা ইয়াসমিনসহ উপজেলা লোকাল মোর্চা কমিটির সদস্যরা।
সভায় অংশগ্রহণকারীরা বাউফলের সামাজিক উন্নয়ন, জনকল্যাণ ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
