ঢাকা
প্রকাশিত : November 10, 2026
আপডেট: November 10, 2026
প্রকাশিত : November 10, 2026

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহক হয়রানি, সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় এবং নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাগেরহাট দুদকের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে দুদকের কর্মকর্তারা পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি অফিসের বিভিন্ন নথিপত্র ও সেবা কার্যক্রম পর্যালোচনা করেন।

‎এ সময় পাসপোর্ট করতে আসা কয়েকজন সেবাপ্রার্থী অভিযোগ করেন, সরকারি নির্ধারিত ফির বাইরে তাঁদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে। এ ছাড়া পাসপোর্টের আবেদন ও অন্যান্য সেবা নিতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানি এবং কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হচ্ছে।

‎সেবাপ্রার্থীদের আরও অভিযোগ, দুপুরের খাবারের বিরতির অজুহাতে প্রায় দুই ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে দূরদূরান্ত থেকে আসা মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালকের সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগও করেন তাঁরা।

‎এদিকে দুদকের অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিদের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

‎অভিযান শেষে দুদকের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদার সাংবাদিকদের বলেন, উত্থাপিত অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযানকালে সংগৃহীত তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে কেন অতিরিক্ত অর্থ ও হয়রানির মুখে পড়তে হচ্ছে, তা নিয়ে স্থানীয় সেবাপ্রার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

‎

‎

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram