ঢাকা
প্রকাশিত : November 11, 2026
আপডেট: November 11, 2026
প্রকাশিত : November 11, 2026

বাউফলে খালে ময়লা-আবর্জনায় পরিবেশ দূষণ’ অতিষ্ঠ পথচারী’ডাস্টবিন স্থাপনের আশ্বাস পৌর প্রশাসকের

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।

পটুয়াখালীর বাউফল পৌরসভার বাজারসংলগ্ন বাউফল-নওমালা খালে প্রতিনিয়ত ফেলা হচ্ছে গরু, ছাগল, মুরগি ও মাছের বর্জ্যসহ কাঁচাবাজারের নানা ধরনের ময়লা-আবর্জনা। এতে খালের পানি দূষিত হওয়ার পাশাপাশি ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ।

ফলে খালের আশপাশের বাসিন্দা, ব্যবসায়ী , শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও খালটি দূষণমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা গেছে, পৌরবাজারের বিভিন্ন দোকান থেকে উৎপন্ন বর্জ্য, পশুপাখির উচ্ছিষ্ট ও পচা আবর্জনা খালের পাড়ে এবং সরাসরি পানিতে ফেলা হচ্ছে।

দীর্ঘদিন ধরে এসব বর্জ্য জমে থাকায় খালের পানি ও আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। পচা আবর্জনার দুর্গন্ধে খালের পাশ দিয়ে চলাচল করাও কষ্টকর হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে বর্জ্য ফেলা অব্যাহত থাকলে পানিদূষণের পাশাপাশি মশা-মাছির উপদ্রব বাড়বে এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হবে। একই সঙ্গে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ও পানি নিষ্কাশন ব্যবস্থাও বাধাগ্রস্ত হতে পারে।

অভিযোগ রয়েছে, বাজারের বর্জ্য ব্যবস্থাপনা ও খালের পরিবেশ রক্ষায় কার্যকর তদারকির অভাব রয়েছে। ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় ব্যবসায়ীরা খালের পাড় ও পানিতে বর্জ্য ফেলছেন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত না হওয়ায় পরিস্থিতিরও উন্নতি হচ্ছে না। বাউফল পৌরশহরের বাজার কমিটির সভাপতি সাকায়েত হোসেন (সখা) বলেন, পৌরসভার পক্ষ থেকে ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট কোনো স্থান বা ডাস্টবিনের ব্যবস্থা করা হয়নি। এ কারণে ব্যবসায়ীরা বাধ্য হয়ে খালে ময়লা-আবর্জনা ফেলছেন।

এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে বাউফল পৌরসভার সচিব মো. মাঈনুল ইসলাম বলেন, “বাজার পরিদর্শককে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হবে। প্রয়োজনে খালে ময়লা-আবর্জনা ফেলা ব্যবসায়ীদের চিঠি দেওয়া হবে। বাউফল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, পৌরসভার মধ্যে খালসহ যেকোনো খোলা স্থানে যাতে কেউ ময়লা-আবর্জনা ফেলতে না পারে, সে জন্য মাইকিং করে সতর্ক করা হবে। পাশাপাশি পৌরসভার মাধ্যমে পৌরবাজারে ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিনের ব্যবস্থা করা হবে। এ অবস্থায় বাউফল পৌর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

তাঁদের দাবি, খালের পাড় ও পানি থেকে জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণ, বাজারে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন এবং খালে বর্জ্য ফেলা বন্ধে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্থানীয়দের মতে, বাউফল-নওমালা খাল শুধু পানিপ্রবাহ ও পানি নিষ্কাশনের মাধ্যম নয়, এটি এলাকার পরিবেশেরও গুরুত্বপূর্ণ অংশ। তাই খালটিকে দূষণমুক্ত রাখতে প্রশাসনের আশ্বাস দ্রুত বাস্তবায়ন এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram