

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি।।
দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের জন্য গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ওয়াপদা বাঁধে রতনপুর রেগুলেটর নির্মাণ ও উদাখালী খাল সংস্কারের দাবিতে স্থানীয় কালির বাজার বটতলায় মঙ্গলবার সকালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির আহবায়ক রেবতী বর্মনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতির জেলা কমিটির সহ-সভাপতি সন্তোষ কুমার বর্মন, আব্দুল্লাহ সরকার, ইউনুস আলী, সাদেকুর রহমান, খলিলুর রহমান, অনিল বর্মন প্রমুখ।
বক্তারা বলেন, উদাখালী, উড়িয়া, কঞ্চিপাড়া ও বোয়ালী ইউনিয়নের ১/৩ ফসলী জমিতে জলাবদ্ধতার জন্য আমন ধানের চাষ করা সম্ভব হয় না। শাক-সবজি, রবি ফসল, ইরি-বোরো, বীজতলা তৈরীতে সমস্যা হয়। যমুনা নদী থেকে আসা ৭/৮ কোটি টাকার মাছ থেকেও এ অঞ্চলের মানুষ বঞ্চিত হয়ে থাকে।
২০২৪ সাাল থেকে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে গণস্বাক্ষরসহ চারবার স্মারকলিপি দেয়া হয়েছে। কিন্তু এখনও রেগুলেটরটি নির্মাণের চুড়ান্ত অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। অত্র অঞ্চলের জনগণ বর্ষার আগেই রেগুলেটরটি নির্মাণ ও উদাখালী খালটি সংস্কারের জন্য জোর দাবি জানান।
