

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক এমপি হারুনুর রশিদ আর নেই। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ৭৭ বছর বয়সে পৃথিবী ছেড়ে যাওয়ার সময় প্রথিতযশা সংগঠক, স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আবাহনী লিমিটেডের ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অ্যাডমিনিস্ট্রেটর আশিক রায় চৌধুরী সাংবাদিকদের জানান, হারুন ভাই রাতে মারা গেছেন। আবাহনী ক্লাব প্রাঙ্গণে মঙ্গলবার বাদ জোহর তার জানাজা হবে। এরপর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামে নীজেদের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আবাহনী লিমিটেড, বিএসপিএসহ বর্তমান এমপি, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দু।। তিনি রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ’লীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদের বড় ভাই।
১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরের রায়পুরে জন্ম নেওয়া হারুনুর রশিদ ক্রীড়াঙ্গনে ‘হারুন ভাই’ নামেই বেশি পরিচিত। বাংলাদেশের ফুটবল ও ক্রীড়াঙ্গনের ইতিহাসের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে তার নাম। আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে স্বাধীনতার পর দেশের ফুটবলে নতুন অধ্যায় রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। আবাহনীর পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও (বাফুফে) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাঁচবার বাফুফের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একাধিকবার নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও ছিল তার পরিচিতি। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। দায়িত্ব পালন করেছেন ফিফার মিডিয়া কমিটিতেও। এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ডও পেয়েছেন এই সংগঠক। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) থেকে পেয়েছেন সেরা সংগঠকের সম্মাননা।
২০২৩ সালে বিএসপিএর প্রথম কায়সার সিনহা সংগঠক পুরস্কারেও ভূষিত হন তিনি। রাজনীতিতেও যুক্ত ছিলেন হারুনুর রশিদ। ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-২ আসনের (রায়পুর ও সদর একাংশ) উপনির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে দেশের ফুটবল ও ক্রীড়াঙ্গনে তার দীর্ঘ কর্মজীবনই তাকে বিশেষ পরিচিতি এনে দিয়েছে।
১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচন তৎকালীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেড়ে দেয়া লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনে হারুনুর রশিদ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করে এমপি হয়েছিলেন। সেই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
