ঢাকা
প্রকাশিত : November 9, 2026
আপডেট: November 9, 2026
প্রকাশিত : November 9, 2026

যাত্রাবাড়ীতে পাঁচ ককটেলসহ একজন গ্রেফতার,মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।। 

রাজধানীর যাত্রাবাড়ীতে পাঁচটি ককটেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাশ (৪৫) নামে আরও একজন পালিয়ে গেছেন।

সোমবার (৯ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে চেকপোস্ট চলাকালে তাঁকে গ্রেফতার করা হয়।

ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. এমরান হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল জনপদ মোড়ে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলে করে দুজন সেখানে আসেন। তাঁদের মোটরসাইকেল থামানোর সংকেত দিলে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির সদস্য ও পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যদের সহযোগিতায় সাইফুলকে আটক করা হয়। এ সময় অপর ব্যক্তি পালিয়ে যান।

পুলিশ আরও জানায়, আটকের সময় সাইফুলের হাতে থাকা একটি বাজারের ব্যাগে ধানের তুষ পাওয়া যায়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ব্যাগটি পরীক্ষা করে পাঁচটি ককটেল উদ্ধার করেন। এ ঘটনায় মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

গ্রেফতার সাইফুলের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম গ্রামে। তাঁর বাবার নাম মৃত মোহাম্মদ খলিলুর রহমান। বর্তমানে তিনি রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ ফাস্ট লেন এলাকায় বসবাস করেন। পালিয়ে যাওয়া পলাশের বাড়ি মানিকগঞ্জে। তাঁর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram