

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।
পটুয়াখালীর বাউফলে ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫২ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ইসলামী ছাত্রশিবির আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, একজন পেশাদার চোর অথবা ডাকাতের চেয়ে একজন উচ্চশিক্ষিত চরিত্রহীন মানুষ বেশি ভয়ংকর। কেননা, তার নীতি-নৈতিকতা নেই। আজকাল অনেকের ক্যারিয়ার আছে, কিন্তু ক্যারেক্টার নেই। তিনি বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কিংবা বড় কোনো কর্মকর্তা হওয়াই জীবনের প্রকৃত সফলতা নয়। অর্জিত শিক্ষাকে ভালো কাজে ব্যবহার করতে হবে।
দুনিয়ায় একজন ভালো মানুষ হতে পারাই প্রকৃত সফলতা। দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার ও ব্যারিস্টারের অভাব নেই, কিন্তু নৈতিকতা ও ভালো মানুষের অভাব রয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভালো মানুষ তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, আজ তোমরা যে কোরআন পেয়েছ, সেখানে আল্লাহ বলেছেন, ‘ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক।’ পড়াশোনা একটি ইবাদত এবং নারী-পুরুষ সবার জন্য শিক্ষা অর্জন ফরজ।
তোমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এটি তোমাদের জন্য মহান আল্লাহর রহমত। এ সাফল্যের পেছনে পিতা-মাতা ও শিক্ষকদের ভূমিকার পাশাপাশি মহান আল্লাহর অবদানও রয়েছে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যারা লেখাপড়ার জন্য বিদেশে যেতে চায়, তাদের সহযোগিতা করবে ছাত্রশিবির।
গোটা বিশ্বের কাছে বাউফলকে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, গত কয়েক মাসে বাউফলের ছয়জন শিক্ষার্থীকে দেশের বাইরে পাঠাতে পেরেছেন। শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমাদের মধ্য থেকে কেউ একদিন জাতিসংঘের মহাসচিবও হতে পারে। স্বপ্ন বাস্তবায়নে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। শিক্ষার্থীদের উৎসাহিত করতেই ফুল ও উপহার দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম, বাউফল উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আব্দুল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম ও উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাহমুদুল্লাহসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাউফল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান। অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত ৫২ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, ফুল, পবিত্র কোরআন শরিফ, বই, কলম ও প্যাড তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের নাস্তা পরিবেশন করা হয়।
