

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুর সদর উপজেলার ঝুমুর মোড় এলাকায় ভেজা বালু পরিবহন এবং সড়কে বালু ফেলে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুটি ডাম্প ট্রাককে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর ২০২৬) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি আইন অমান্য করে ভেজা বালু পরিবহনের দায়ে ডাম্প ট্রাক দুটি আটক করা হয়। পরে মহাসড়ক আইন, ২০২১-এর আওতায় ট্রাক দুটিকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই সঙ্গে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা করেন সড়ক পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি এবং লক্ষ্মীপুর জেলা ট্রাফিক পুলিশ। স্থানীয় সড়কে ভেজা বালু পরিবহনের ফলে বালু ছড়িয়ে পড়া, যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।
এ ধরনের অনিয়ম প্রতিরোধে প্রশাসনের এ অভিযানকে জনস্বার্থসংশ্লিষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
