

সিনিয়র রিপোর্টার ঠাকুরগাঁও।।
ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ আপন দুই ভাইবোনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ৬ অক্টোবর রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) জনাব এটিএম গোলাম রসুলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর থানাধীন রোড এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস দল।
অভিযানকালে সন্দেহভাজন চা বিক্রেতা মোছাঃ বাবলি (২৩) ও মোঃ রুবেল রানা (৩২) নামের আপন দুই ভাইবোনকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশিকালে আসামী বাবলীর মাথার চুলের খোঁপার ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় আসামীদের হেফাজত থেকে সর্বমোট ২২ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ১৪,৮০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর (হাজিপাড়া) গ্রামে। তারা ওই গ্রামের ছোট বাবুর সন্তান। ওসি ডিবি জনাব এটিএম গোলাম রসুল আরও জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ রুবেল রানা এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে ইতোপূর্বেও ৪টি মাদক মামলা রয়েছে।
এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে ডিবির এই কঠোর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।
