ঢাকা
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৮
প্রকাশিত : আগস্ট ১৫, ২০২৬
আপডেট: আগস্ট ১৫, ২০২৬
প্রকাশিত : আগস্ট ১৫, ২০২৬

সরকারি চাকরির প্রলোভন: ১৩ লাখ টাকা হাতিয়ে মাসে ৩০ হাজার করে বেতন দিতেন প্রতারক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: 

সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারকচক্রের মূলহোতা মো. বাবলু কাজীকে (৬০) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

চক্রটি সরকারি কর্মকর্তার সিল ও উপ-সচিবের সই জাল করে ভুয়া নিয়োগপত্র, যোগদানপত্র ও প্রজ্ঞাপন তৈরি করে চাকরিপ্রার্থীদের বিশ্বাস অর্জন করতো। এমনকি প্রতারণাকে বিশ্বাসযোগ্য করতে ভুক্তভোগীদের প্রথম তিন মাসে মাসিক ৩০ হাজার টাকা করে বেতনও দিতেন তারা।

গতকাল শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর এলাকায় অভিযান চালিয়ে বাবলু কাজীকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেফতার বাবলু কাজী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। কোনো পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি দেওয়ার কথা বলে চাকরিপ্রার্থীদের সঙ্গে চুক্তি করতো চক্রটি। বিশ্বাস অর্জনের জন্য তারা বলতেন, চাকরিতে যোগদানের পর টাকা পরিশোধ করলেও হবে।

সম্প্রতি ফরিদপুরের নগরকান্দা এলাকার ভুক্তভোগী মো. সবুজ সরকারকে সরকারি চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১৩ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। গত ২৫ জুন থেকে ২৬ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে তার কাছ থেকে ওই টাকা নেওয়া হয়।

তিনি বলেন, চাকরিপ্রার্থীদের বিশ্বাস অর্জনের জন্য চক্রটি সরকারি কর্মকর্তার সিল ও উপ-সচিবের সই জাল করে ভুয়া নিয়োগপত্র ও প্রজ্ঞাপন তৈরি করতো। পরে এসব কাগজপত্র দিয়ে চাকরিপ্রার্থীদের সরকারি অফিসে নিয়ে গিয়ে নকল হাজিরা খাতায় সই করানো হতো।

প্রতারণার বিষয়টি যেন সহজে ধরা না পড়ে, সেজন্য প্রথম তিন মাস ভুক্তভোগীদের নিজেদের অর্থ থেকে মাসে ৩০ হাজার টাকা করে বেতনও দিয়েছে চক্রটি। এরপর বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তারা যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যান।

গ্রেফতারের সময় বাবলু কাজীর কাছ থেকে বাংলাদেশ সরকারের সিল ও জাল সই করা ভুয়া নিয়োগ আদেশ, যোগদানপত্র, প্রজ্ঞাপন এবং নকল হাজিরা খাতা জব্দ করা হয়েছে।

তদন্তে আরও জানা যায়, চক্রটি সাধারণ মানুষের সমাগম বেশি এমন সরকারি অফিসগুলোকে প্রতারণার জন্য টার্গেট করতো। চক্রের একজন সদস্য নিজেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। অন্যরা তার গাড়িচালক বা অফিস সহকারী সেজে সরকারি অফিসে অবাধে চলাফেরা করতেন। এতে চাকরিপ্রার্থীদের কাছে তাদের পরিচয় ও কর্মকাণ্ড বিশ্বাসযোগ্য হয়ে উঠতো।

এ ঘটনায় রাজধানীর পল্লবী থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। গ্রেফতার বাবলু কাজীর সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram