

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ।।
জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, পরিবেশ সুরক্ষা, কার্বন নিঃসরণ হ্রাস এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে মানিকগঞ্জে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন কোয়ালিশন, ইয়ুথ গ্রিন ক্লাব ও সাইক্লিস্ট ক্লাবের আয়োজনে চরবেউথা কালিগঙ্গা সেতুসংলগ্ন গোলচত্বর থেকে র্যালিটি শুরু হয়।
'উই ওয়ান্ট জাস্টিস', 'ক্লাইমেট জাস্টিস', 'কার্বন নিঃসরণ রোধ করি', 'জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা করি' এবং 'নবায়নযোগ্য জ্বালানির প্রসার করি'—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে র্যালিটি। জলবায়ু স্বেচ্ছাসেবী ও সাইকেলপ্রেমীদের পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন।
র্যালিটি চরবেউথা থেকে আন্ধারমানিক রোড হয়ে ঘিওর উপজেলার নালী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন ঐতিহাসিক সেন বাড়ির আঙিনায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাপনী আলোচনা সভা।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন বলেন, পৃথিবীতে বেঁচে থাকতে হলে মানুষের অক্সিজেন প্রয়োজন। আর অক্সিজেনের জন্য প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা জরুরি। অথচ মানুষই নানা কর্মকাণ্ডের মাধ্যমে প্রকৃতিকে ধ্বংস করছে। কার্বন নিঃসরণ রোধে এমন পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের জন্য তিনি বারসিকসহ সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিন কোয়ালিশন মানিকগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ, সদস্য অধ্যাপক আনিসুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও সমাজকর্মী মো. ইকবাল খান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু মো. নাহিদ, গ্রিন কোয়ালিশন মানিকগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক গাজী ওয়াজেদ আলম লাবু, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, সাইক্লিস্ট ক্লাবের সভাপতি মো. মাসুম এবং লাভ ফর ব্লাডের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান নিবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কর্মসূচি পরিচালনা করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।
সমাপনী আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়; এটি বর্তমান সময়ের বাস্তবতা। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, নদীভাঙন, খরা ও জলাবদ্ধতার কারণে মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতি ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে কৃষক, জেলে, শ্রমজীবী মানুষ, নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি অভিঘাত বহন করছে। অথচ জলবায়ু সংকট সৃষ্টিতে তাদের দায় সবচেয়ে কম।
বক্তারা আরও বলেন, জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, অভিযোজনের সুযোগ এবং ন্যায্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞান, অভিজ্ঞতা ও অভিযোজন কৌশলকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব দিতে হবে।
আসন্ন কপ-৩১ জাতিসংঘ জলবায়ু সম্মেলনের প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় শুধু প্রতিশ্রুতি নয়, বরং ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় বাস্তবভিত্তিক ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং নারী, যুবসমাজ, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
মানিকগঞ্জের পদ্মা, যমুনা ও কালীগঙ্গা নদী এবং নদী অববাহিকার মানুষের জীবন-জীবিকার প্রসঙ্গ তুলে তাঁরা বলেন, নদীভাঙন, বন্যা, জলাবদ্ধতা, কৃষির পরিবর্তন ও আবহাওয়ার অনিশ্চয়তা স্থানীয় জনগোষ্ঠীকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলছে। এসব সমস্যা মোকাবিলায় স্থানীয় জ্ঞান, কৃষিপ্রতিবেশভিত্তিক উদ্যোগ ও প্রকৃতিনির্ভর সমাধানকে গুরুত্ব দিতে হবে।
বক্তারা বলেন, আজকের এই আয়োজন কেবল একটি সাইকেল র্যালি নয়; এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা, দায়িত্ববোধ এবং ন্যায্যতার দাবি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সম্মিলিত প্রয়াস। সাইকেল পরিবেশবান্ধব যাতায়াতের মাধ্যম। এর ব্যবহার জ্বালানির ওপর নির্ভরতা ও বায়ুদূষণ কমাতে সহায়তা করে। তাই তরুণ সমাজকে পরিবেশ ও জলবায়ু আন্দোলনে নেতৃত্ব দিতে এগিয়ে আসতে হবে।
সমাপনী আলোচনা সভা শেষে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের নির্বাচিত প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়। আয়োজকেরা জানান, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় যাঁরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করছেন, তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং অন্যদের উৎসাহিত করাই এই সম্মাননা প্রদানের উদ্দেশ্য।
র্যালি থেকে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত, জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বৃক্ষ, নদী, জলাশয় ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনযাপনের আহ্বান জানানো হয়। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও দাবিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার দাবি জানানো হয়।
আয়োজকেরা বলেন, জলবায়ু সংকট মোকাবিলা কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা দেশের পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন রাষ্ট্রীয় নীতি, স্থানীয় উদ্যোগ এবং সাধারণ মানুষের সম্মিলিত দায়িত্বশীলতা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে।
