

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।
পটুয়াখালীর বাউফলে নিখোঁজ রুহুল আমিন সিকদার (৬৫) হত্যা মামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে নিহতের মরদেহের সব খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর এক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী সাহিদা বেগম (৪৮) এবং একই ইউনিয়নের মধ্য পোনাহুড়া গ্রামের ইসমাইলের ছেলে আবুল বাশার হোসেন (৪০)। শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে বাউফল থানা হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাউফল উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার সব্যসাচী মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, ওসি (তদন্ত) রাসেল মিয়াজী ও উপপরিদর্শক (এসআই) খোশেদসহ পুলিশের অন্যান্য সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের একটি ধানক্ষেতের মাঝখান থেকে স্থানীয়রা এক ব্যক্তির খণ্ডিত বাম হাত ও দুই পা দেখতে পান। খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে।
পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত কার্যক্রম শুরু করে। উদ্ধার হওয়া হাত-পায়ের অংশ দেখে নিখোঁজ রুহুল আমিন সিকদারের ছেলে ইমরান হোসেন সেগুলো তাঁর বাবার বলে শনাক্ত করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে বাউফল থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তথ্যপ্রযুক্তি ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। তদন্তে তিনজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে সাহিদা বেগম ও আবুল বাশার হোসেনকে গ্রেপ্তার করা হয়। অপর শনাক্ত ব্যক্তি মো. সোহেল (৩৬)। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
পুলিশের দেওয়া তথ্যে সাহিদা বেগমকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর দুই ছেলে ও মেয়ের জামাতা ইতালিতে থাকেন বলে জানা গেছে। এদিকে নিহত রুহুল আমিন সিকদারের পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ডে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানান।
