ঢাকা
প্রকাশিত : November 14, 2026
আপডেট: November 14, 2026
প্রকাশিত : November 14, 2026

মানিকগঞ্জে কীটনাশক বিরোধী মানববন্ধন

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ।।

“জমিতে ক্যান্সার রোগের বিষ উৎপাদন নয়, মানুষ বাঁচার ফসল ফলাই”—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দিঘী ইউনিয়নে কীটনাশকবিরোধী মানববন্ধন, সাংগঠনিক কর্মশালা ও ২১ সদস্যবিশিষ্ট গ্রিন কোয়ালিশন ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।

১২ নভেম্বর সকালে দিঘী ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সচেতন কৃষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী সাংগঠনিক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও গ্রিন কোয়ালিশনের আয়োজনে এবং এগ্রোইকোলজি ফান্ডের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল কৃষিপ্রতিবেশ, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় স্থানীয় জনগণকে সংগঠিত করা।

মানিকগঞ্জ পদকপ্রাপ্ত কৃষক ও বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আক্কাস আলী খোকনের সভাপতিত্বে এবং পাসার নির্বাহী পরিচালক মো. ফরিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন গ্রিন কোয়ালিশন জেলা কমিটির সদস্য ও শিক্ষক নেতা মীর্জা ইস্কান্দার, মুলজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছলিম উদ্দিন, ইউপি সদস্য মো. আরিফুর রহমান, ইউপি সদস্য মুহাম্মাদ আব্দুর রহমান, ব্যাংকার মো. আমজাদ হোসেন, পাসার কর্মী মো. নজরুল ইসলাম প্রমুখ।

কর্মসূচির ধারণাপত্র উপস্থাপন করেন বারসিক কর্মকর্তা মো. বিল্লাল হোসেন। স্বাগত বক্তব্য দেন বারসিকের রিসার্চ, মনিটরিং অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার মো. নজরুল ইসলাম।

আলোচনায় বক্তারা বলেন, তামাকসহ ক্ষতিকর ফসলের চাষ এবং অতিরিক্ত রাসায়নিক কীটনাশকনির্ভর কৃষি মানুষের স্বাস্থ্য, পরিবেশ, মাটির উর্বরতা ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। জমিতে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এমন ফসল উৎপাদন না করে কৃষি, প্রকৃতি ও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ এবং পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তুলতে হবে।

তাঁরা আরও বলেন, কৃষকের অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ খাদ্য উৎপাদন, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তামাক চাষের বিস্তার রোধ, ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানো এবং কৃষিপ্রতিবেশবান্ধব কৃষিব্যবস্থা প্রতিষ্ঠায় গ্রিন কোয়ালিশন আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।

কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ পদকপ্রাপ্ত কৃষক ও বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আক্কাস আলী খোকনকে আহ্বায়ক এবং মো. নজরুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট গ্রিন কোয়ালিশন দিঘী ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

নবগঠিত এ কমিটি স্থানীয় পর্যায়ে তামাক চাষ নিরুৎসাহিত করা, ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমাতে কৃষকদের সচেতন করা, নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করা এবং কৃষি, পরিবেশ, জনস্বাস্থ্য ও প্রাণবৈচিত্র্য সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে কাজ করবে।

বক্তারা গ্রিন কোয়ালিশনের এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব কৃষি, নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষার একটি সম্মিলিত সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram