ঢাকা
প্রকাশিত : November 14, 2026
আপডেট: November 14, 2026
প্রকাশিত : November 14, 2026

প্রেমের টানে ঠাকুরগাঁওয়ের বধূ হলেন কেরালার অশ্বিনী

বিকাশ রায় চৌধুরী, সিনিয়র রিপোর্টার।।

প্রবাসের ব্যস্ত কর্মস্থলে শুরু হওয়া পরিচয় গড়াল প্রণয়ে, আর সেই ভালোবাসার টানেই ভিনদেশি সংস্কৃতি ও দূরত্বকে জয় করে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে ছুটে এলেন ভারতীয় তরুণী অশ্বিনী। ভারতের কেরালা রাজ্য থেকে আসা এই তরুণী এখন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার যুবক মাসুদ রানার ঘরণী। ভিনদেশি বধূকে এক নজর দেখতে প্রতিদিনই রানার বাড়িতে ভিড় করছেন উৎসুক এলাকাবাসী।

শনিবার (১৪ নভেম্বর) পীরগঞ্জে মাসুদ রানার বাড়িতে সরেজমিনে গিয়ে জানা যায়, জীবিকার তাগিদে ২০২১ সালের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমান রানা। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন তিনি। এর প্রায় তিন বছর পর একই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে যোগ দেন কেরালার তরুণী অশ্বিনী। একসঙ্গে কাজের সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরবর্তীতে গভীর ভালোবাসায় রূপ নেয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুজনের সম্মতিতে তাঁরা দুবাইয়ের আদালতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর সেখানে একটি বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর সংসারও করেন এই দম্পতি। সম্প্রতি মাসুদ রানা ছুটিতে দেশে ফিরে আসেন। এরপর স্বামীর টানে অশ্বিনী দুবাই থেকে প্রথমে নিজ দেশ ভারতে যান এবং সেখান থেকে বাংলাদেশে এসে পীরগঞ্জে শ্বশুরবাড়িতে ওঠেন।

নিজের অনুভূতির কথা জানিয়ে অশ্বিনী বলেন, দুবাইয়ের রেস্তোরাঁয় কাজের সূত্রেই রানার সঙ্গে তাঁর পরিচয় এবং ভালো লাগা শুরু হয়। দুজনের পছন্দেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁর পরিবার এই বিয়ে মেনে নিয়েছে এবং শ্বশুরবাড়ির লোকজনও তাঁকে পরম আদরে আপন করে নিয়েছেন। রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে নিজেকে সুখী মনে করছেন তিনি।

মাসুদ রানার মা জানান, প্রবাসে থাকা অবস্থায় ছেলের প্রেম ও বিয়ের খবর জেনে পরিবার তা স্বাভাবিকভাবেই মেনে নেয়। তাঁর ভাষ্যমতে, অশ্বিনী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং পরিবারের নতুন সদস্য হিসেবে সবার সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন। বর্তমানে নবদম্পতি বাড়িতেই অবস্থান করছেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram