

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
নাব্যতা সংকটে লক্ষ্মীপুর-ভোলা নৌপথ। মেঘনার ডুবোচরে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ছে লঞ্চ ও ফেরি। এতে দুর্ভোগে পড়ছেন যাত্রী ও যানবাহনের চালকরা। তাই জোয়ার-ভাটার ওপর নির্ভর করে চলছে লঞ্চ ও ফেরি। তবে ড্রেজিং করার মাটি রাখার জায়গা না পাওয়ায় ঠিকমতো অপসারণ করা যাচ্ছে না। এতে পুরোপুরি ড্রেজিং করতে সমস্যা হচ্ছে।
বিআইডব্লিওটিসি’র মজুচৌধুরীরহাট ফেরিঘাটের সহকারী ম্যানেজার মো. আতিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জোয়ার-ভাটার দিকে তাকিয়েই ফেরি চালাতে হয়। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের আশাবাদ করেন তিনি।
মজুচৌধুরীরহাট ঘাটের বিআইডব্লিউটিএ অফিসের উপসহকারী প্রকৌশলী হযরত হাসান নিপু বলেন, দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের গুরুত্বপূর্ণ নৌপথ লক্ষ্মীপুর-ভোলা এই রুট। মেঘনার রহমতখালী, কাটাখালীসহ বিভিন্ন পয়েন্টে ২০টি ডুবোচর জেগে ওঠায় ফেরিসহ নৌ যান চলাচল করতে ব্যাহত হচ্ছে। এতে দু’পাড়ে পণ্যবাহী ট্রাক দিনের পর দিন আটকা থাকতে হয়। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের।
২০০৬ সালের এপ্রিল মাসে তিনটি ফেরি নিয়ে এই নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে চারটি ফেরি ও ভোলা-বরিশাল নৌ রুটে প্রায় ছোটবড় ২০টি লঞ্চ চলাচল করছে। মজুচৌধুীরহাট লঞ্চঘাটের এক কিলোমিটার দূরে রহমতখালী চ্যানেল। কিন্তু এই চ্যানেলে জেগে ওঠেছে বিশাল এক ডুবোচর। এছাড়া এই নৌ-রুটের বিভিন্ন স্থানে আরো নতুন নতুন ডুবোচর জেগে উঠেছে। এসব জায়গায় ভাটার সময় থাকে কোমর পরিমাণ পানি। ফলে প্রতিদিন ৪/৫ ঘণ্টা পর্যন্ত পণ্যবাহীসহ যানবাহন ও যাত্রী নিয়ে ডুবোচরে আটকে থাকতে হয়।
গত ২ মাস ধরে এই সমস্যা সুষ্টি হয়েছে। ভাটার সময় এলেই জেগে ওঠা ডুবোচরে ফেরি ও মালবাহী ছোট জাহাজ আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। এতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় এই নৌ রুটে চলাচলকারী যাত্রীদের। সঠিক সময়ে গন্তব্যে ফেরি ও লঞ্চ না পৌঁছায় দু’পাড়ে দিনের পর দিন আটকা পড়ে থাকতে হয় পণ্যবাহী ট্রাক। এই কারণে ট্রাকে কাঁচামাল ও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় পণ্যবাহী পরিবহন ও যাত্রীদের। জোয়ার এলে তবেই স্বস্তি মিলে। অথচ প্রতিদিন এই নৌরুটে হাজারো যাত্রী পারাপার হচ্ছে।
মজুচৌধুরীরহাট ঘাটের যাত্রী ও শ্রমিকসহ অনেকেই জানান, ২৩ কিলোমিটার এই নৌপথ এখন ঘুরে যেতে হয় ৩১ কিলোমিটার। ৩ ঘণ্টার পথ যেতে সময় লাগছে ৫ থেকে ৬ ঘণ্টা। এছাড়া ঘণ্টার পর ঘণ্টায় আটকা পড়ে থাকতে হয় মাঝ নদীতে। ফলে সঠিক সময় গন্তব্য পৌঁছাতে না পারায় চরম ভোগান্তি পড়তে হয় বলে ক্ষোভ প্রকাশ করে এই নৌপথে চলাচলকারী যাত্রীরা।
ভোলার যাত্রী হুমায়ন কবির ও পরিবহন চালক মাকছুল আলমসহ অনেকেই জানায়, প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয়ে ড্রেজিং করা হয়। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সঠিক তদারকি করে ভালোভাবে ড্রেজিং করলে এই সমস্যা আর থাকবে না। নাব্যতার কারণে অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা ডুবোচরে আটকা পড়ে থাকতে হয়। প্রতিদিন কয়েক হাজার যাত্রী ও দুইশর বেশি পণ্যবাহী ট্রাক ও বাস পারাপার হচ্ছে। সীমাহীন কষ্টের মধ্যে দিন পার করতে হয়।
ফেরি কাবেরীর মাস্টার মাহাবুবুর রহমান বলেন, চ্যানেলের মুখ সরু হয়ে পড়ায় ফেরি চলাচল বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। নদীর বিভিন্ন স্থানে নতুন নতুন চর জেগে উঠেছে। এই কারণে জোয়ার-ভাটার ওপর নির্ভর করে ফেরি চলাচল করতে হয়। ফলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। ফগ লাইট না থাকায় নিরাপত্তার স্বার্থে মাঝ নদীতে ফেরি নোঙর করতে বাধ্য হন তারা। যখন জোয়ার আসে,তখন ফেরি ছাড়তে হয়। আবার অনেকে ক্ষেত্রে ফেরি ডুবোচরে আটকে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়। এসব সমস্যা সমাধান হলে একদিকে সরকারের রাজস্ব বাড়বে, অন্যদিকে মানুষের দুর্ভোগ কমে আসবে।
বিআইডব্লিওটিসির মজুচৌধুরীরহাট ও ভোলার ইলিশা ফেরিঘাটের কর্মকর্তা মো. আতিকুজ্জামান ও মো. কাউছার বিষয়টি নিশ্চিত করে বলেন, জোয়ার-ভাটার দিকে তাকিয়েই ফেরি ও লঞ্চ ছাড়তে হয়। ঠিকমতো ফেরি চলাচল করতে না পারায় কমছে রাজস্ব। ড্রেজিং না হওয়ার কারণে এই সমস্যা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের আশাবাদ করেন তিনি।
অপরদিকে বিআইডাব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী হযরত হাসান নিপু বলেন, ড্রেজিং করার মাটি রাখার জায়গা না পাওয়ায় ঠিকমতো অপসারণ করা যাচ্ছে না। এতে পুরোপুরি ড্রেজিং করতে সমস্যা হচ্ছে। দ্রুত নৌ-পথ চালু রাখতে ড্রেজিং অব্যাহত রাখা হয়েছে। পাশাপাশি আরো কয়েকটি ড্রেজিং মেশিন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আশা করি নৌপথটি সচল রাখতে কাজ করছে বিআইডাব্লিউটিএ।
