ঢাকা
প্রকাশিত : November 12, 2026
আপডেট: November 12, 2026
প্রকাশিত : November 12, 2026

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

‎

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট।।

‎ছাদ চুঁইয়ে পড়ে পানি, পিলার-বিমে ফাটল, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড; অর্ধেকের বেশি ভবন পরিত্যক্ত ঘোষণা, বিকল্প না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা

‎বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার ভবনটি এখন যেন নিজেই একটি বড় স্বাস্থ্যঝুঁকির নাম। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, চুঁইয়ে পড়ছে পানি, পিলার ও বিমে দেখা দিয়েছে ফাটল। কোথাও কোথাও কংক্রিট সরে গিয়ে বেরিয়ে এসেছে মরিচা ধরা লোহার রড। ভবনের অর্ধেকের বেশি অংশ ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পরিত্যক্ত করা হলেও বিকল্প অবকাঠামো না থাকায় সেখানেই চলছে রোগীদের চিকিৎসাসেবা। ফলে রোগী, স্বজন, চিকিৎসক ও নার্স—সবার মাথার ওপর ঝুলছে দুর্ঘটনার শঙ্কা।

উপকূলীয় জনপদ মোংলা ও সুন্দরবনসংলগ্ন এলাকার প্রায় দুই লাখ মানুষের চিকিৎসার অন্যতম প্রধান সরকারি আশ্রয়স্থল এই স্বাস্থ্য কমপ্লেক্স। বন্দরনগরী মোংলার পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার মানুষও জরুরি চিকিৎসার জন্য এখানে আসেন। অথচ দীর্ঘদিনের অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ না হওয়ায় হাসপাতালটির বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।

‎বৃহস্পতিবার সকালে সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, পুরুষ, নারী ও গাইনি ওয়ার্ডের বিভিন্ন স্থানে ছাদ চুঁইয়ে পানি পড়ছে। মেঝেতে জমে রয়েছে পানি। কোথাও কোথাও ছাদ থেকে পানি পড়া ঠেকাতে রাখা হয়েছে বালতি। রোগীদের শয্যার পাশেই খসে পড়েছে ছাদের পলেস্তারা। ভবনের দেয়াল, পিলার ও বিমে দৃশ্যমান ফাটল রয়েছে। কিছু স্থানে কংক্রিট উঠে গিয়ে বেরিয়ে পড়েছে লোহার রড। এমন পরিবেশে চিকিৎসা নিতে এসে স্বাভাবিকভাবেই আতঙ্কিত রোগী ও তাঁদের স্বজনেরা।

গাইনি ওয়ার্ডে ভর্তি ৮৫ বছর বয়সী করিমন বেগম বলেন, দুই দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। রাতে ভয়ে ঠিকমতো ঘুমাতে পারেন না। কখন ছাদ ভেঙে পড়ে, সেই আতঙ্কে থাকতে হয়। সঙ্গে নাতি থাকায় দুশ্চিন্তা আরও বেড়েছে।

‎পাশের শয্যায় থাকা এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি হাসপাতাল ভেবে চিকিৎসা নিতে এসেছেন। কিন্তু ভবনের অবস্থা দেখে মনে হচ্ছে, এটি কোনো পরিত্যক্ত বাড়ি। এখানে রোগ সারাতে এসে উল্টো দুর্ঘটনার আশঙ্কা নিয়ে থাকতে হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন দায়িত্বশীল নার্স বলেন, প্রতিদিন আতঙ্কের মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে। ছাদ থেকে পানি পড়ে, দেয়াল ও পিলারের বিভিন্ন স্থানে ফাটল রয়েছে, কোথাও বেরিয়ে আছে মরিচা ধরা রড। কখন কী ঘটে, তা নিয়ে সবাই উদ্বিগ্ন। চিকিৎসক, নার্স ও রোগীদের নিরাপত্তা নিয়েও তাঁরা শঙ্কিত। ৫০ শয্যার হাসপাতালে রোগী ১৩০ জন পর্যন্ত।

‎হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ মে চার একর জমির ওপর ৩১ শয্যা নিয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার সময় থেকেই চিকিৎসকসংকট ছিল। তখন ১৩ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত ছিলেন মাত্র সাতজন।

‎২০০৬ সালের প্রথম দিকে হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। তবে শয্যাসংখ্যা বাড়লেও সেই অনুপাতে বাড়েনি জনবল ও চিকিৎসাসেবার সক্ষমতা।

‎বর্তমানে ৫০ শয্যার এই হাসপাতালে ৩৮ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৯ জন। অর্থাৎ চিকিৎসকের ৭৬ শতাংশ পদই শূন্য। চিকিৎসকের পাশাপাশি নার্স, টেকনিশিয়ান ও অন্যান্য কর্মচারীর সংকটও রয়েছে।

‎মাত্র ৯ জন চিকিৎসক দিয়ে প্রতিদিন বহির্বিভাগে ২০০ থেকে ৩০০ রোগীকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে। অন্যদিকে অন্তর্বিভাগে ভর্তি থাকছেন ১২০ থেকে ১৩০ জন রোগী। ফলে ৫০ শয্যার হাসপাতালে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। শয্যা না পেয়ে অনেক রোগীকে মেঝে, বারান্দা এমনকি চলাচলের পথেও অবস্থান করতে হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, ২০১৬ সাল থেকে ভবনটির অবস্থা ক্রমেই খারাপ হতে শুরু করে। উপকূলীয় এলাকার লবণাক্ত আবহাওয়া, দীর্ঘদিনের অবহেলা ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একপর্যায়ে তিনটি ওয়ার্ডের ছাদ থেকে পানি পড়তে শুরু করে। পিলার ও বিমেও দেখা দেয় ফাটল।

‎ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ৮ থেকে ১০ বার লিখিতভাবে বিষয়টি জানিয়েছে।

‎সর্বশেষ ২০২৫ সালের ১ জুলাই আবারও চিঠি দেওয়ার পর গোপালগঞ্জ, বাগেরহাট ও বরিশালের সমন্বয়ে গঠিত স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি প্রতিনিধিদল হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শন শেষে ভবনের বড় একটি অংশকে ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে পরিত্যক্ত করা হয়।

‎তবে পরিত্যক্ত ঘোষণার পরও পরিস্থিতির কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি। বিকল্প ভবন বা প্রয়োজনীয় অবকাঠামো তৈরি না হওয়ায় রোগীর চাপ সামাল দিতে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনের বিভিন্ন অংশে চিকিৎসাসেবা চালিয়ে যেতে হচ্ছে।

‎মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন বলেন, চরম ঝুঁকির মধ্যে তাঁদের চিকিৎসাসেবা দিতে হচ্ছে। ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে। বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। নতুন ভবন নির্মাণ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। দ্রুত নতুন ভবন নির্মাণের অনুমোদন পাওয়ার প্রত্যাশা করছেন তাঁরা।

‎স্থানীয় বাসিন্দাদের দাবি, মোংলা বন্দর, পৌরসভা ও উপজেলার জনসংখ্যা এবং ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় বর্তমান ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা প্রয়োজন। একই সঙ্গে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবলসহ নতুন ভবন নির্মাণ করতে হবে।

স্থানীয়দের মতে, মোংলা শুধু একটি উপজেলা নয়; এটি দেশের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর, সুন্দরবনের প্রবেশদ্বার এবং বিস্তৃত উপকূলীয় জনপদ। এ এলাকার শ্রমিক, জেলে, বন্দরকর্মী, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চিকিৎসার জন্য হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোংলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষও এখানে চিকিৎসা নিতে আসেন।

‎এ অবস্থায় ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসাসেবা চালু রাখা জননিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ, জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণ এবং হাসপাতালের চিকিৎসক ও জনবলসংকট নিরসন করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

প্রায় দুই লাখ মানুষের চিকিৎসার ভরসাস্থল এই হাসপাতালকে নিরাপদ ও আধুনিক চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করা এখন সময়ের দাবি।

‎

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram