ঢাকা
প্রকাশিত : November 12, 2026
আপডেট: November 12, 2026
প্রকাশিত : November 12, 2026

সংবাদ প্রকাশের পর সহির উদ্দিনের পাশে বসুন্ধরা শুভ সংঘ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।।
নীলফামারীর সৈয়দপুরে প্যারালাইসিসে আক্রান্ত অসুস্থ ও অসহায় অশীতিপর সহির উদ্দিনের দুর্দশার চিত্র তুলে ধরে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভ সংঘ।

সংগঠনটির পক্ষ থেকে সহির উদ্দিনের পরিবারকে এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কাশিরাম ব্রহ্মত্তর গ্রামে সহির উদ্দিনের বাড়িতে গিয়ে তাঁর হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন বসুন্ধরা শুভ সংঘের নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখার সদস্যরা।

সহায়তা হিসেবে দেওয়া খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, আটা, চিনি, ডাল, লবণ, আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচ, সাবান ও কাপড় ধোয়ার গুঁড়া সাবান। এতে অসহায় পরিবারটির অন্তত এক মাসের খাবারের সংস্থান হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. শফিকুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খাজা, সহসভাপতি মো. হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ সোহেল রানা এবং সংগঠনের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু।

সহির উদ্দিন কাশিরাম ব্রহ্মত্তর গ্রামের বাসিন্দা। স্ত্রী, এক ছেলে ও সাত মেয়ে নিয়ে ছিল তার সংসার। মেয়েদের সবাইকে বিয়ে দিয়েছেন। পেশায় তিনি ছিলেন গাছি। একসময় উপজেলার বিভিন্ন এলাকায় নারিকেলগাছ পরিষ্কার করার পাশাপাশি গাছের মালিকদের কাছ থেকে ডাব সংগ্রহ করে সৈয়দপুর শহরে বিক্রি করতেন। সামান্য সেই আয় দিয়েই চলত তাঁর সংসার। কিন্তু বার্ধক্যের পাশাপাশি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে এখন তিনি চলৎশক্তিহীন। এর ওপর ২০১৬ সালে এক সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন একমাত্র ছেলেকে। ফলে সংসারের দায়িত্ব নেওয়ার মতো আর কেউ নেই। জীবনের শেষ বয়সে এসে বৃদ্ধা স্ত্রীকে নিয়ে চরম অভাব-অনটনে দিন কাটছে তাঁর। অন্যের সহায়তার ওপর নির্ভর করেই কখনো একবেলা, কখনো না খেয়ে দিন পার করতে হচ্ছে এই দম্পতিকে।

গত ১৮ অক্টোবর সহির উদ্দিনের অসহায় জীবনযাপনের চিত্র তুলে ধরে সচিত্র প্রতিবেদন প্রকাশ করে অনলাইন সংবাদমাধ্যমে। প্রতিবেদনটি নজরে আসে বসুন্ধরা শুভ সংঘের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল আলমসহ সংগঠনের অন্য সদস্যদের। এরপর তাঁরা সংগঠনের পক্ষ থেকে পরিবারটির জন্য এক মাসের খাদ্য সামগ্রী দেওয়ার উদ্যোগ নেন। স্থানীয় বাসিন্দা আজিজার রহমান জানান, অসুস্থ হওয়ার আগ পর্যন্ত গ্রামের যেকোনো বয়সী মানুষের মৃত্যু হলে স্বেচ্ছায় কবর খুঁড়তে ছুটে যেতেন সহির উদ্দিন। মানবিক দায়িত্ববোধ থেকে বছরের পর বছর বিনা পারিশ্রমিকে এ কাজ করেছেন তিনি। কর্মক্ষম জীবনে প্রায় তিন শতাধিক মানুষের জন্য কবর খুঁড়েছেন।

একসময় মানুষের বিপদে পাশে দাঁড়ানো সেই সহির উদ্দিন আজ নিজেই অসহায়। তার দুর্দশার খবর প্রকাশের পর বসুন্ধরা শুভ সংঘের এই খাদ্যসহায়তা তার পরিবারের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram