

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।।
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমনবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মহড়া অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. মো. শামীম রেজা।মহড়ায় কৃত্রিম অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের পরিস্থিতি তৈরি করে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার, আগুন নেভানো এবং আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদানের কৌশল দেখানো হয়।
এ ছাড়া অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন নিরাপদে নিয়ন্ত্রণের পদ্ধতি প্রদর্শন করা হয়। এর আগে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আজিজুর রহমান অগ্নিনির্বাপণ, দুর্যোগকালীন নিরাপত্তা, উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে আলোচনা করেন।
বক্তব্যে ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. মো. শামীম রেজা এ ধরনের মহড়ার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অগ্নিনিরাপত্তায় সচেতন থাকার আহ্বান জানান। মহড়ার আয়োজন করায় তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ ও দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের মহড়া অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলায় বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক।
