

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের অসহায় নুরা'র পরিবারের পাশে স্প্রেইড হিউম্যানিটি। শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার কালাইয়া ইউনিয়নের কবরস্থান রোড এলাকার অসহায় নুরা'র পরিবারকে মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি’র পক্ষ থেকে ২০ কেজি চালসহ এক মাসের খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। নুরার পরিবারে মোট ছয়জন সদস্য রয়েছেন। তাঁর স্ত্রীর রসোনা বেগম এবং মা ছলেহা। তাদের নেই কোনো নিজস্ব জমি এবং বসতভিটা। অন্যের জায়গায় একটি ঘর তুলে সেখানে বসবাস করছেন তাঁরা।
জরাজীর্ণ ঘরটিতে অত্যন্ত কষ্টকর পরিবেশে দিন কাটছে পরিবারের সদস্যদের। সীমিত আয়ের কারণে পরিবারে চাহিদা পূরণ করাও তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পরিবারটির কষ্ট কিছুটা লাঘব করতে এগিয়ে আসে স্প্রেইড হিউম্যানিটি। সংগঠনটির পক্ষ থেকে পরিবারটির হাতে চালসহ এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি রুহুল আমিন জানান, বিগত দুই বছরের বেশি সময় ধরে স্প্রেইড হিউম্যানিটি হাজারো মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছে। নুরার পরিবারের পাশে শুধু এক মাসের খাদ্যসামগ্রী দেওয়া নয়। এই পরিবারের তিনটি ছোট ছোট বাচ্চার পড়ালেখার দায়িত্বও নেওয়া হবে, ইনশাআল্লাহ।
এই কার্যক্রম পরিচালনায় সমাজের বিত্তবান মানুষদের সহযোগিতা প্রয়োজন। আশা করি, মানবিক মানুষদের স্প্রেইড হিউম্যানিটি’র সকল ভালো কাজের পাশে পাব। তিনি আরও বলেন, স্প্রেইড হিউম্যানিটি’র মূল লক্ষ্য হলো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তার মাধ্যমে তাঁদের কষ্ট লাঘব করা এবং সমাজে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। এ ছাড়া ভবিষ্যতেও এমন অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের দপ্তর সম্পাদক সাইমন গাজী, কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান, বাউফল সরকারি কলেজ শাখার সভাপতি জাবের মাহমুদ, সদস্য ওমর ফারুক, শিপন চন্দ্র, হামিমসহ অনেকে।
