

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাঁচ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় এসকেএসের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি শাহানাজ সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে এসএমসি কমিটির দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও স্থানীয় সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএমসি কমিটির সদস্যরা দায়িত্বশীলভাবে কাজ করলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা লাভের সুযোগ পাবে। পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া, শিক্ষকদের সহযোগিতা করা এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন এসএমসি কমিটির সদস্য আব্দুস ছামাদ, আনছারুজ্জামান রেজুয়ান, একরামুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব ওসমানগনি, আতোয়ার রহমান ও রাবেয়া বেগম। এ ছাড়া শিক্ষক প্রতিনিধি শরিফুল ইসলাম, শামীমা আক্তার, আছিয়া নুরী, মনোয়ারা খাতুন ও তৌফিকুর রহমান তুহিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনাতলা, বগুড়ার সরকারি নাজির আখতার কলেজের সাবেক ভিপি ও বিশিষ্ট সমাজসেবক ওয়াসিম মানিক এবং এসকেএসের প্রতিনিধি জামাল উদ্দিন, যিনি পিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহিদুল ইসলাম, এসকেএসের প্রতিনিধি ও ফিল্ড ফ্যাসিলিটেটর (এফএফ)।
সভায় বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে আগ্রহী করে তোলা এবং বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় পাঁচ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
