

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার প্রসারে অতীতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের উদ্যোগ নিয়েছিলেন। সে সময় লক্ষ্মীপুরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও সরকারীকরণের আওতায় আসে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও অবৈতনিক শিক্ষা ও শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার প্রসারে গুরুত্ব দিয়েছিলেন।
তিনি বলেন, অতীতের এসব উদ্যোগের ধারাবাহিকতায় তারেক রহমানও শিক্ষার উন্নয়ন এবং নতুন প্রজন্মকে শক্তিশালী করতে কাজ করছেন। তরুণদের শিক্ষিত, দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মাধ্যমে দেশের ভবিষ্যৎ উন্নয়নের পথ সুগম করা সম্ভব।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, রাষ্ট্র সংস্কারের আন্দোলনে অনেকে আত্মত্যাগ করেছেন, প্রাণ হারিয়েছেন এবং বহু পরিবার নিঃস্ব হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়েও সরকারের বিশেষ নজর রয়েছে।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।
নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের সূচনা উপলক্ষে শিক্ষার গুরুত্ব, তরুণ প্রজন্মের বিকাশ এবং দেশের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষার্থীদের ভূমিকার বিষয়টি গুরুত্ব পায়।
