

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:
সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি গোয়েন্দা নজরদারি ও টহল বৃদ্ধি করেছে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে প্রেসব্রিফিংয়ে এসআরবি-১৩,গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহা. রেজাউল হক এসব কথা বলেন।
প্রেসব্রিফিংয়ে তিনি জানান, এ বছর গাইবান্ধা জেলায় ৬৩২টি মন্দির- মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা জোরদার করতে ২২ অক্টোবর পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থাকবেন।
কোনো ধরনের গুজব ছড়ানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার ও শেয়ার না করার জন্য অনুরোধ জানান ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ তিনি। এ সময় সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
