

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
আওয়ামী লীগের সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে লক্ষ্মীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে প্রায় ৫২ সেকেন্ডের ওই ভিডিওটি প্রতিবেদকের হাতে আসে।
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে রায়পুর উপজেলার বর্ডার বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ইনানসহ আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে মিছিলটি করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
ভিডিওতে দেখা যায়, লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের সাবেক/দাবিকৃত যুগ্ম আহ্বায়ক জায়েদ ইবনে মিরাজের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী মিছিলে অংশ নেন। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘সাদ্দাম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘ইনান ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—এমন স্লোগান দিতে শোনা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে দেওয়া পোস্টে মিছিলটি সদর উপজেলার রায়পুর-লক্ষ্মীপুর সড়কে হয়েছে বলে প্রচার করা হয়। তবে ভিডিও যাচাই ও স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, মিছিলটি জেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে রায়পুর-চাঁদপুর সীমান্তসংলগ্ন বর্ডার বাজার এলাকায় হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, “মিছিলটি সদরে কোথাও হয়নি। এটি রায়পুর বর্ডার বাজার এলাকায় হয়েছে বলে জানতে পেরেছি।”
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “মিছিলের বিষয়ে জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মিছিলটির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত ও যাচাইয়ের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
