

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বুধবার সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল হক। কর্মীসভার স্লোগান ছিল- অধিকার, ইনসাফ ও মুক্তির লড়ায়ে শামিল হউন। সভায় জেলার সাত উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংগঠনের জেলা সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খাঁন, কেন্দ্রীয় বিপ্লবী যুব সংহতির যুগ্ম আহবায়ক আউয়াল মাহমুদ, পার্টির জেলা সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রধান মাসুদ, রফিকুল ইসলাম, জাকারিয়া হাসান সুমন, আছমা বেগম, নাইমুর হাসান প্রমুখ।
সভায় সাইফুল হক বলেন, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুষ্কৃতকারী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মাত্র সাত মাসের মধ্যে সরকারকে ঘিরে মানুষের প্রত্যাশা কেন কমে যাচ্ছে, তা সরকারকে ঠান্ডা মাথায় চিন্তা করার পরামর্শ দিয়েছেন। দেশে দ্রæত জ্বালানি সংকট সহনীয় মাত্রায় নামিয়ে না আনলে সরকারের ভালো অর্জনগুলোও নষ্ট হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন। তিনি বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ, গ্যাস নিয়ে মানুষ নানা ভোগান্তিতে পড়েছেন। এমনকি সারাদেশে ইউরিয়া সারের সংকট থাকায় চলতি আমন মৌসুমে কৃষকরা তাদের জমিতে সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে পারছে না। ফলে কৃষকরা আমন চাষাবাদ ব্যাহত হওয়ার আশংকা করছেন।
