

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি, চুরি, দস্যুতা, অস্ত্র ও অপহরণসহ ১২ মামলার আসামি শাহাদাত হোসেন মোহনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলা পুলিশের একটি চৌকস দল চন্দ্রগঞ্জ থানাধীন ১২ নম্বর চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর নতুনহাট সংলগ্ন আদলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শাহাদাত হোসেন মোহন পূর্ব সৈয়দপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি সাহাব উদ্দিন ওরফে শিহাব উদ্দিনের ছেলে।
লক্ষ্মীপুর জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহাদাতের বিরুদ্ধে তিনটি দস্যুতা, তিনটি চুরি, তিনটি ডাকাতির প্রস্তুতি, একটি অস্ত্র, একটি অপহরণ এবং একটি পুলিশ অ্যাসল্ট মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এছাড়া তিনি দুটি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশের দাবি, শাহাদাত লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালী জেলায় সক্রিয় একটি আন্তঃজেলা ডাকাত ও চোর চক্রের সদস্য। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শাহাদাত হোসেন মোহনকে আদালতে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
