

তৌসিফ রেজা,সৈয়দপুর প্রতিনিধি:
সৈয়দপুরে হযরত সৈয়দ শাহ নাঈম আশরাফী আল জিলানী (রহ.)-এর শুভাগমনের ৮০ বছর পূর্তি উপলক্ষে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে সোমবার (১৭ আগস্ট) শহরের হলদারপাড়ায় অবস্থিত হাজি তাসলিম ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি হাজি তাসলিম আশরাফী। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা আশরাফী, নাদিম আশরাফী, ইরফান আশরাফী, সৈয়দ পাপ্পু বক্সী, খলিফা সৈয়দ আসিফ আশরাফী, খালিদ আজম আশরাফী, হারুন আশরাফী, তৌহিদ আশরাফীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা হযরত সৈয়দ শাহ নাঈম আশরাফী আল জিলানী (রহ.)-এর সৈয়দপুরে আগমন, তাঁর ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মকাণ্ড এবং সৈয়দপুরে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা তাঁর স্মৃতি ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে মোনাজাতে অংশ নেন হযরত সৈয়দ শাহ জামাল আশরাফ আশরাফী আল জিলানী। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
পরে অনুষ্ঠানের অংশ হিসেবে আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে প্রায় শতাধিক দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, হযরত সৈয়দ শাহ নাঈম আশরাফী আল জিলানী (রহ.)-এর সৈয়দপুরে আগমনের ৮০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি তাঁর স্মৃতি ও আদর্শকে ধারণ করে ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
