

তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ১০৮ তম উরসে আলা হযরত উপলক্ষে অনুষ্ঠিত ইসলামিক সুন্নি কনফারেন্সে ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে। শনিবার এশা নামাজের পর গোলাহাট রেলওয়ে কলোনী ঈদগাহ মাঠে শুরু হওয়া ওই ধর্মীয় সমাবেশে সৈয়দপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ধর্মপ্রাণ মানুষেরা অংশ নেন। কনফারেন্স চলে গভীর রাত পর্যন্ত । এশার পর পরই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
উপস্থিত মুসল্লিদর অনেকেই জানান, দীর্ঘদিন পর সৈয়দপুরে এত বড় পরিসরে সুন্নি মতাদর্শের এমন একটি ধর্মীয় কনফারেন্স অনুষ্ঠিত হলো। পুরো আয়োজনজুড়ে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, রাসুলপ্রেমে উদ্বেলিত স্লোগান, নাতে রাসুল এবং ইসলামী আলোচনা। দীর্ঘদিন পর সৈয়দপুরে এত বড় পরিসরের ধর্মীয় কনফারেন্সে এমন জনসমাগম দেখা গেছে। এজন্য বৃষ্টির মধ্যেও শ্রোতারা উঠে যাননি বরং ভিজে ভিজে কনফারেন্সে রাসুলের মিলাদের আলোচনা শোনেন।
কনফারেন্সের প্রধান বক্তা ছিলেন ইসলামী স্কলার, বিশ্ববিখ্যাত মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শায়েখ সৈয়্যদ হাসান আল আজহারী। তিনি তাঁর বক্তব্যে পবিত্র কুরআন-সুন্নাহ, মহানবী হযরত মুহাম্মদ এর আদর্শ, ইমামে আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রেজা খান (রহ.)-এর জীবন, কর্ম ও আকীদা-আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি মুসলিম উম্মাহর ঐক্য, মানবিক মূল্যবোধ, শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। আলা হযরতের আদর্শকে উগ্রবাদ ও বিভ্রান্তি থেকে দূরে থেকে সহনশীল ইসলামী চেতনা ধারণের অন্যতম পথ হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে আলা হযরত ইমাম আহমদ রেজা ফাউন্ডেশন, সৈয়দপুর।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর শাহ আউলিয়া জামে মসজিদের খতিব মাওলানা সাবির হোসেন নুরী রিজভী, ঐতিহাসিক চিনি মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহিদ রেজা নুরী রিজভী এবং গোলাহাট রেলওয়ে কলোনী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোমিনুল ইসলাম নুরী রিজভী। বক্তারা আলা হযরত (রহ.)-এর ইলমী অবদান, ঈমান-আকীদা সংরক্ষণে তাঁর ভূমিকা এবং রাসুলপ্রেমের শিক্ষা তুলে ধরেন।
অনুষ্ঠানে নাতে রাসুল পরিবেশন করে উপস্থিত মুসল্লিদের মুগ্ধ করেন আলোচিত শিশু নাতখাঁ জিশান আশরাফী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা রিজওয়ান আল কাদেরী, ওয়াকার আনসারী লাড্ডান, শরফুদ্দিন খানসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম, পীর মাশায়েকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কনফারেন্সে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী আজহার সুলতান। এবং পুরো কনফারেন্স সঞ্চালনা করেন মাওলানা গোলাম মহিউদ্দিন মারগুব আশরাফী।
আলা হযরত ইমাম আহমেদ রেজা ফাউন্ডেশনের আশরাফ, মাহতাব, সাজিদ, আরজুসহ অন্যান্যরা জানান, আলা হযরত ইমাম আহমদ রেজা খান (রহ.)-এর আদর্শ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতেই এই আয়োজন করা হয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের ধর্মীয় কনফারেন্স আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে তারা জানান।
কনফারেন্স শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাথে ছবি আছে
