

ঢাকা, ৫ জুলাই ২০২৬: অ্যালুমিনিয়াম উৎপাদন সক্ষমতা বাড়াতে এবং বিশাল কর্মসংস্থান তৈরির লক্ষ্যে আদানি গ্রুপ ও আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি (আইএইচসি) যৌথভাবে ১১.৫ বিলিয়ন ডলারের একটি মেগা প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।
এ উপলক্ষে ভারতের ওড়িশা রাজ্য সরকারের সঙ্গে প্রতিষ্ঠান দুটি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ওড়িশার ইতিহাসে এটিই এখন পর্যন্ত বৃহত্তম সরাসরি বিদেশি বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।
আইএইচসি’র অঙ্গপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিসোর্সেস হোল্ডিং (আইআরএইচ) ও আদানি গ্রুপের এই যৌথ উদ্যোগে সমন্বিত অ্যালুমিনিয়াম কমপ্লেক্স গড়ে তোলা হবে। প্রকল্পের আওতায় থাকবে ৪০ লক্ষ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন অ্যালুমিনা রিফাইনারি, ২০ লক্ষ মেট্রিক টন অ্যালুমিনিয়াম স্মেল্টার, ৪,০০০ মেগাওয়াট ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র এবং ১০ লক্ষ মেট্রিক টন সক্ষমতার ডাউনস্ট্রিম উৎপাদন পার্ক।
এছাড়া সহায়ক অবকাঠামোও গড়ে তোলা হবে। দুই ধাপে বাস্তবায়িত এই প্রকল্পের প্রথম পর্বে ৬ দশমিক ৯৩ বিলিয়ন ডলার এবং দ্বিতীয় পর্বে ৪ দশমিক ৬২ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।
প্রকল্পটি ওড়িশার শ্রমবাজারে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। ওড়িশা সরকাররের তথ্য অনুযায়ী, সরাসরি ও পরোক্ষ মিলিয়ে এখানে প্রায় ৫৩,৫০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। এর মধ্যে নির্মাণ পর্যায়ে ৩৫,০০০ জন এবং প্রকল্প চালু হওয়ার পর স্থায়ীভাবে প্রায় ১৮,৫০০ জন কর্মী কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি লজিস্টিকস ও প্রকৌশল শিল্পে তৈরি হবে নতুন কর্মসংস্থানের বিশাল ক্ষেত্র।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ও শিল্পমন্ত্রী সম্পদ চন্দ্র স্বাইন উপস্থিত ছিলেন। আদানি গ্রুপের প্রতিনিধি করণ আদানি ওড়িশাকে ভারতের ভবিষ্যৎ শিল্প-মানচিত্রের অন্যতম কেন্দ্র হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে, আইএইচসি’র সিইও সৈয়দ বাশার শোয়েব এই বিনিয়োগকে বৈশ্বিক জ্বালানি রূপান্তরের কৌশলের অংশ হিসেবে উল্লেখ করেন।
শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্ববাজারে অ্যালুমিনিয়াম সরবরাহে ওড়িশার গুরুত্ব বহুগুণ বেড়ে যাবে। দ্রুত ভূমি অধিগ্রহণ এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
