

তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুর পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে হট্টগোল
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে ৯২ কোটি ৭৬ লাখ ১ হাজার ৩৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। বাজেটপত্র পাঠ করেন পৌর নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী।
বাজেটপত্র পাঠ শেষ হওয়ার পরপরই প্রশাসক কোনো বক্তব্য না দিয়ে সভাস্থল ত্যাগ করেন বলে উপস্থিতরা জানান। এতে প্রথমে হতবাক হয়ে পড়েন অতিথিরা। পরে কয়েকজন ক্ষোভ প্রকাশ করলে সভাস্থলে হট্টগোল শুরু হয়। পৌর কর্মকর্তারাও বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরী বলেন, আমন্ত্রিত অতিথিদের সামনে কোনো বক্তব্য না দিয়ে এভাবে সভা ত্যাগ করা অত্যন্ত অসৌজন্যমূলক। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীনও ঘটনাটিকে অনভিপ্রেত উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।
উপজেলা জামায়াতের আমীর শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনি নিজেকে অপমানিত মনে করেছেন। দায়িত্বশীল একজন কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।
এদিকে নাগরিকদের অভিযোগ, সাধারণত জুন মাসেই পৌরসভার বাজেট ঘোষণা করা হলেও এবার প্রায় তিন মাস পর বাজেট ঘোষণা করা হয়েছে। ফলে বাজেট ও উন্নয়ন কার্যক্রম নিয়ে নাগরিকদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩২ কোটি ৭৫ লাখ ৫২ হাজার ৯৩৪ টাকা এবং রাজস্ব ব্যয় ৩১ কোটি ৭৩ লাখ ২৫ হাজার ৪৮ টাকা। উন্নয়ন খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৮০ লাখ টাকা।
অনুষ্ঠানে প্রশাসকের সভা ত্যাগ এবং পরবর্তী হট্টগোলের বিষয়টিই উপস্থিতদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
