

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুরে এবার প্রায় ৩ লাখ ২০ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা আমেনা বেগম, ফাতেমা আক্তার এবং জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলায় মোট ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় ১ লাখ ১৫ হাজার, রায়পুরে ৫১ হাজার ৩৫৫, রামগঞ্জে ৪৯ হাজার ৭৩০, রামগতিতে ৪৯ হাজার ৭৫০, কমলনগরে ৩৬ হাজার ৫৭৮ এবং লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩৪৬ শিশু রয়েছে। মোট লক্ষ্যমাত্রার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৮ হাজার ৯৭৬ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮০ হাজার ৭৮৩ শিশু ভিটামিন-এ ক্যাপসুল পাবে।
সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন বলেন, আগামী ২৮ জুন সারাদেশের মতো লক্ষ্মীপুরেও একযোগে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। জেলার ১ হাজার ৪৮০টি কেন্দ্রে নির্ধারিত বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও জানান, এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীসহ মোট ৩ হাজার ৫৬৮ জন জনবল কাজ করবেন। পাশাপাশি সার্বিক তদারকির জন্য ১৯৪ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
