

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বাস পরিবহনে সিন্ডিকেটের অভিযোগে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
অভিযোগ রয়েছে, আগে বাউফল-ঢাকা রুটে প্রতিদিন ৭০ থেকে ৮০টি বাস চলাচল করলেও বর্তমানে তা কমে প্রায় ৩০ থেকে ৪০টিতে নেমে এসেছে। এতে যাত্রীদের ৪ থেকে ৫ ঘন্টা পর্যন্ত বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই সিট না পেয়ে দাঁড়িয়ে বা টুলে বসে যাতায়াত করছেন। এছাড়া ৫০০ টাকার ভাড়া বাড়িয়ে ৬০০ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
যাত্রীরা বলছেন, সকাল থেকে ঘন্টারপর ঘণ্টা অপেক্ষা করেও বাস পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে দশমিনা এক্সপ্রেসের কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, মালিকদের সিদ্ধান্তে বাসের সংখ্যা কমানো হয়েছে। তবে পরিবহন মালিক মো. রেজাউল করিম বলেন, নতুন ব্যবস্থাপনা চালু করা হয়েছে এবং পুরো কার্যক্রম বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। আগে প্রায় ৭০টি বাস চলাচল করলেও বর্তমানে ৩৮টি বাস চলাচল করছে।
এদিকে ভোগান্তি দূর করতে দ্রুত বাসের সংখ্যা বৃদ্ধি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।
