

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ |
মানিকগঞ্জে আজীবন বিপ্লবী, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর নেতা কমরেড মিজানুর রহমান হযরতের স্মরণে এক স্মরণ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার। সঞ্চালনা করেন কমরেড আরশেদ আলী মাস্টার।
প্রয়াত কমরেড হযরতের সহধর্মিণী কমরেড মাকসুদুল ইয়াসমীন নিলু ধন্যবাদ জ্ঞাপন করেন।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন। অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক প্রবন্ধ উপস্থাপন করেন মো. নজরুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জেলা কমিটির সদস্য ও মানিকগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল মান্নান, শিবালয় উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সংকর প্রসাদ ভৌমিক, সিংগাইর উপজেলা কমিটির সভাপতি কমরেড মো. নাসির উদ্দীন, ঘিওর উপজেলা কমিটির সভাপতি কমরেড দুলাল বিশ্বাস, হরিরামপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড ইমান আলী এবং রাশিয়া প্রবাসী ড. নুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে কমরেড মিজানুর রহমান হযরতের ছাত্রজীবন, কর্মজীবন ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, জেল-জুলুম, নির্যাতন ও হুলিয়া মোকাবিলা করেও তিনি আজীবন শ্রমজীবী মানুষের অধিকার এবং শ্রেণীসংগ্রামকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করেছেন।
সভায় বক্তারা তাঁর আদর্শ ও সংগ্রামের উত্তরসূরি হিসেবে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
