

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী যুগিরহাট বাজারে চাঁদখালী বণিক সমিতির ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল এবং ভোটার তালিকা হালনাগাদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা।
এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বণিক সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে তাদের প্রতিবাদ জানান।
শুক্রবার (১২ জুন) বিকেলে বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বিপুল সংখ্যক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁদখালী বণিক সমিতির সভাপতি নুর উদ্দিন মাহমুদ পিরন, সহ-সভাপতি মাওলানা হাছান মাহমুদসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান ভোটার তালিকায় ব্যাপক অসঙ্গতি রয়েছে। দীর্ঘদিন ধরে বাজারে ব্যবসা পরিচালনা করলেও অনেক প্রকৃত ব্যবসায়ীর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে ব্যবসার সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন—এমন কিছু ব্যক্তির নাম ভোটার তালিকায় রাখা হয়েছে বলে তারা দাবি করেন। ফলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
তারা আরও বলেন, ভোটার তালিকার ত্রুটিগুলো সংশোধন না করে নির্বাচন আয়োজন করা হলে প্রকৃত ব্যবসায়ীদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষিত হবে। তাই অবিলম্বে ভোটার তালিকা পুনঃযাচাই করে হালনাগাদ তালিকা প্রকাশ এবং নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বণিক সমিতির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ জানান।
এ সময় ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে কোনো নির্বাচন তারা মেনে নেবেন না। দ্রুত ভোটার তালিকার সকল অসঙ্গতি দূর করে নতুন তফসিল ঘোষণা না করা হলে বৃহত্তর ব্যবসায়ী সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
