

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা জজ কোর্টের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী ও বাউফল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল নিয়াজী ও এসআই সম্বিত রায়ের নেতৃত্বে বাউফল থানা পুলিশ পটুয়াখালী জেলা পুলিশের সহায়তায় সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার অ্যাডভোকেট শাহাবুদ্দিন বাউফল উপজেলার বগা ইউনিয়নের ধাউরাভাঙ্গা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করে চলতেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশে অস্থিরতা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পটুয়াখালী সদর থানা হেফাজতে রয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সেখান থেকে তাকে আদালতে সোপর্দ করা হবে।
