ঢাকা
প্রকাশিত : November 13, 2026
আপডেট: November 13, 2026
প্রকাশিত : November 13, 2026

সাঘাটায় বাড়ি নির্মাণ বিনামূল্য সেলাই মেশিন ও চাকুরির প্রলোভন প্রতারণার শিকার পাঁচ শতাধিক পরিবার

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি :

বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ, টিসিবির পণ্য, সরকারি বরাদ্দে বাড়ি নির্মাণ ও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গাইবান্ধার সাঘাটায় কয়েকশ পরিবারের কাছ থেকে ৬৫ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গাইবান্ধার সদরের মালিবাড়ির এক দম্পতির বিরুদ্ধে। তারা হলেন সেলিম মিয়া ও তাঁর স্ত্রী ববিতা বেগম।

ভুক্তভোগীদের অভিযোগ, ২০ পরিবারের ঘর দেয়ার কথা বলে ৫০ লক্ষ টাকা সংগ্রহের পর তিনটি বাড়ির অর্ধেক কাজ করেই পালিয়ে গেছে ।

এঘটনায় ভুক্তভোগীরা আশ্রয়দাতা জামিলের বাড়িতে জড়ো হয়ে নানান ধরণের চাপ সৃষ্টি করছে। তবে ভুক্তভোগীরা জামিলকে নয় ববিতা ও সেলিমকে টাকা দিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বগারভিটা গ্রামে জামিল হোসেন (২২) নামের এক যুবকের মাধ্যমে ওই দম্পতির সঙ্গে স্থানীয়দের পরিচয় হয়। পরে তাঁর বাড়িতে ভাড়া থেকে এলাকার মানুষের সঙ্গে সখ্য গড়ে তোলেন তাঁরা। একপর্যায়ে নানা সরকারি সুবিধা ও চাকরির প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহ শুরু করেন।

তবে তারা শুরুতেই বিশ্বাস অর্জনের জন্য কিছু সেলাই মেশিন দেওয়া সহ তিনটি বাড়িতে ইট সিমেন্ট এনে কাজ শুরু করেন। এতেই কিছু লোভী মানুষ তাদের পাতা ফাঁদে পা দেয়।

অভিযোগে জানা যায়, সেলাই প্রশিক্ষণের নামে ২ লাখ ৫০ হাজার, টিসিবির পণ্যের কথা বলে ৬ লাখ ৬০ হাজার, সরকারি বরাদ্দে বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ৩৫ লাখ এবং চাকরি দেওয়ার নামে ২১ লাখ টাকা নেন তাঁরা। সব মিলিয়ে আত্মসাতের অভিযোগ ৬৫ লাখ ১০ হাজার টাকা।

এর মধ্যে ২০টি বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে জুমারবাড়ি ইউনিয়নের বগারভিটা, বালিয়াডাঙ্গা, দক্ষিণ বগার, কাচারী, বাজিতনগর ও কামারপাড়াসহ বিভিন্ন এলাকার ২০ জনের কাছ থেকে আড়াই লাখ টাকা করে নেওয়া হয়। কয়েকটি বাড়ির কাজ শুরু করলেও তিনটি বাড়ির নির্মাণকাজ অসমাপ্ত রেখেই তাঁরা পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন বাড়িগুলোর কোথাও ছাদ, কোথাও প্লাস্টারের কাজ অসমাপ্ত পড়ে রয়েছে। দুই কক্ষ ও একটি বাথরুম নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজ শেষ হয়নি।

ভুক্তভোগী জামিল হোসেন জানান, সোনাতলায় ওই দম্পতির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁর বাড়িতে থাকার সুযোগে তাঁরা এলাকার মানুষের কাছ থেকে সেলাই প্রশিক্ষণ, টিসিবির পণ্য ও চাকরির নামে টাকা সংগ্রহ করেন। বাড়ি নির্মাণের জন্য ২০ জনের কাছ থেকে আড়াই লাখ টাকা করে নেওয়ার পর তিনটি বাড়ির কাজ অর্ধেক করে পালিয়ে যান।

একই পরিবারের দুই গার্মেন্টসকর্মী ভাইয়ের কাছ থেকেও বাড়ি নির্মাণের কথা বলে পৃথকভাবে আড়াই লাখ টাকা করে নেওয়া হয়। তবে দ্বিতীয় বাড়ির কাজ শুরুর আগেই দম্পতি পালিয়ে যান বলে অভিযোগ।

ভুক্তভোগী লতিফুন জানান, টিসিবির পণ্য পাওয়ার আশায় তিনি ববিতাকে টাকা দিয়েছিলেন। কিন্তু পণ্য না দিয়েই তাঁরা পালিয়ে গেছেন। আরেক ভুক্তভোগী মর্জিনা বেগম জানান, স্বামীকে না জানিয়ে ১২ হাজার টাকা দেওয়ার পর দম্পতির পালিয়ে যাওয়ার খবর পান। এ ঘটনায় তাঁর স্বামী তাঁকে বাড়িতে থাকতে দিচ্ছেন না।

এ ঘটনায় জামিল হোসেন সাঘাটা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত সেলিম ও ববিতার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।

জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, দম্পতি পালিয়ে যাওয়ার পর স্থানীয়দের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ দুরুল হোদা জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram