ঢাকা
প্রকাশিত : October 27, 2026
আপডেট: October 27, 2026
প্রকাশিত : October 27, 2026

ঠাকুরগাঁওয়ে আড়াই হাজার আনসার-ভিডিপি সদস্য নিয়ে নির্বাচনী প্রস্তুতি সমাবেশ

সিনিয়র রিপোর্টার।।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ২ হাজার ৫০০ আনসার ও ভিডিপি সদস্যকে নিয়ে হাজিরা প্যারেড ও নির্বাচনী প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার ১৮৫টি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনী দায়িত্ব পালনের প্রস্তুতির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক (ডিডিজি) মোহাম্মদ আবদুল আউয়াল।

এ সময় ৮০ জন ব্যাটালিয়ন সদস্যসহ আনসার ও ভিডিপির মোট ২ হাজার ৫০০ সদস্য উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের সিনিয়র পরিচালক সফিকুল আলম, ঠাকুরগাঁও জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নজরুল ইসলাম ভূঞা, ঠাকুরগাঁও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমি আক্তারসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষকেরা। সমাবেশে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের পেশাদারত্ব, রাজনৈতিক নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

যেকোনো ধরনের চাপ ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে বাহিনীর নির্দেশনা অনুসরণ এবং নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, নির্বাচনের দিন আনসার সদস্যদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনকালে কোনো অবস্থাতেই ভোটকেন্দ্র ত্যাগ করা যাবে না। খাবার খাওয়া কিংবা অন্য কোনো প্রয়োজনে কেন্দ্র ছাড়ার পরিস্থিতি তৈরি হলেও দায়িত্বে অবিচল থাকতে হবে। একই সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আনসার-ভিডিপি সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

নির্বাচনকে সামনে রেখে গত দেড় বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। সদস্যরা দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছেন। নির্বাচনী দায়িত্ব পালনের সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম, ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট ও রাজনৈতিক প্রভাব ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার নির্দেশনা দেন তিনি। এ ক্ষেত্রে সদস্যদের অটল পাহাড়ের মতো দৃঢ় থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram