

তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারীর সৈয়দপুরে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে শহরের সাহেবপাড়া মসজিদ রোডের বাঁশপাড়া এলাকায় ‘মাদকের অন্ধকার থেকে আলোর পথে’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে যুব সমাজ একতা সংঘ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা। এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মো. আকবর হোসেন, চিকিৎসক ডা. মো. আদনান মাহফুজ, শিক্ষাবিদ মো. শাহিদ শাহাব, ইসলামী চিন্তাবিদ মুফতি হামিদ জামাল আশরাফী,ও মাওলানা ইমরান হাবিব আশরাফী, শিক্ষক ও সাংবাদিক মো. নজরুল ইসলাম, সাংবাদিক মো. আমিরুল হক আরমান, শিক্ষক ও সমাজকর্মী মো. রাজীব উদ্দিন এবং হাফেজ ও মাওলানা বেলাল রায়া আতহারী।
যুব সমাজ একতা সংঘের আহ্বায়ক মো. শমসের উদ্দিন মিস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজক সংগঠনটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত ভূমিকা জোরদার করাই এ ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য।
