

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রম্যমান আদালত। অভিযানে শহরের এসএ ট্রেডিংকে পাঁচ হাজার টাকা ও আনারুল ইসলামের হার্ডওয়্যারের দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
জনাযায়, সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, ক্রয় রসিদ দেখাতে না পারা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ওই ব্যবসায়ীদের মোট আট হাজার টাকা জরিমানা করেছেন ওই আদালত।
গতকাল শহরের শেরেবাংলা সড়কে এ অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। এ সময় সৈয়দপুর থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি দোকানে গ্যাসের মূল্যতালিকা প্রদর্শন করতে না পারায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করা হচ্ছিল। ব্যবসায়ীরা নিজেরাই স্বীকার করেছেন, তারা বেশি দাম নিচ্ছিলেন। এ ছাড়া দোকানে গ্যাসের মূল্যতালিকাও দেখাতে পারেননি। এ কারণে তাঁদের জরিমানা করা হয়েছে। তবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
