

বিশেষ প্রতিনিধি, সৈয়দপুর:
নীলফামারীর সৈয়দপুরে এক অসহায় কৃষকের কষ্টার্জিত ধানক্ষেতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে পুরো ক্ষেতের ধান নষ্ট করে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে এক কুচক্রী মহলের বিরুদ্ধে। এতে প্রায় ৩০ শতক জমির সদ্য পেকে ওঠা ধান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, যার ফলে চরম দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক খালিমুল।
স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ক্যানেলের পাশে কৃষক খালিমুল তার প্রায় ৩০ শতক জমিতে কষ্ট করে ধানের চাষ করেছিলেন। ফসল ঘরে তোলার স্বপ্ন যখন একদম দোড়গোড়ায়, ঠিক তখনই শত্রুভাবাপন্ন হয়ে রাতের আঁধারে কে বা কারা বিষাক্ত ঘাসমারা ওষুধ স্প্রে করে দেয়। সকালে জমিতে গিয়ে দেখা যায় সবুজ ধানক্ষেত শুকিয়ে একেবারে বিবর্ণ ও বিনষ্ট হয়ে গেছে।
ভুক্তভোগী কৃষক খালিমুল এ বিষয়ে সুবিচারের আশায় বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শরণাপন্ন হন। ঘটনাটি শোনার পর ইউপি চেয়ারম্যান তৎক্ষণাৎ উপজেলা কৃষি অফিসারের সঙ্গে মুঠোফোনে কথা বলেন এবং বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানান। এ সময় ঘটনার সত্যতা ও কৃষকের অপূণনীয় ক্ষতির চিত্র তুলে ধরে গণমাধ্যমে গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়।
