ঢাকা
প্রকাশিত : October 22, 2026
আপডেট: October 22, 2026
প্রকাশিত : October 22, 2026

মিরপুরের শীর্ষ সন্ত্রাসীদের হয়ে চাঁদা আদায়, গ্রেফতার তিন ভাই

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।।

রাজধানীর মিরপুরে চাঁদা আদায়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল ও কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন সহোদরকে গ্রেফতার  করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. মেহেদী হাসান ওরফে জয়, সানজিম হাসান ও মো. অমিত হাসান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার তিনজনের বাবা আমির হোসেন এবং মা নাসিমা বেগম। তারা মিরপুরের ফোর স্টার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের ভাগ্নে। তাদের মা নাসিমা বেগম ওই তিন ব্যক্তির বড় বোন।

গ্রেফতার ব্যক্তিদের স্থায়ী ঠিকানা ঢাকার সাভারের নামাগেন্ডা এলাকায়। তাদের বর্তমান ঠিকানা রাজধানীর পল্লবী থানার কালসী এলাকার ৫০ নম্বর বাড়ি, ‘ধ’ ব্লক।

চাঁদা আদায় ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ

পুলিশের অভিযোগ, গ্রেফতার মেহেদী হাসান ওরফে জয় মিরপুরের ফোর স্টার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মফিজুর রহমান মামুনের হয়ে চাঁদা আদায়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, বিভিন্ন প্লট ও ফ্ল্যাট দখল, ফুটপাত নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং পরিচালনার সঙ্গে জড়িত।

এ ছাড়া বিভিন্ন আর্থিক লেনদেনের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের কাছে পাঠানো হতো বলে প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ।

গ্রেফতার সানজিম হাসানের বিরুদ্ধে সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব কাজে লাগিয়ে কিশোর গ্যাং পরিচালনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে,গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে উল্লেখিত ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। মোবাইল ফোনের মাধ্যমেও তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো বলে জানা গেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার  তিনজনের বিরুদ্ধে মিরপুর থানার ৪৮ নম্বর মামলা, যার তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬। মামলাটির জিআর নম্বর ৩৭৭, তারিখও ৩০ সেপ্টেম্বর ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে। এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ডিএমপির মিরপুর বিভাগ জানিয়েছে, অপরাধ দমন, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর মডেল থানা পুলিশের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram