

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুরের রায়পুরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলাকালে মন্দিরে ডেকোরেশনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের গোপাল গিরিধারী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম কাদিরা গ্রামের কৃষক সুলজন খানের ছেলে। তিনি গত দুই বছর ধরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের একটি ডেকোরেটর দোকানে কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার সন্ধ্যায় গোপাল গিরিধারী মন্দিরে ডেকোরেশনের কাজ করছিলেন কামাল। কাজের একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন চন্দ্র ভক্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায় এবং শ্রীশ্রী গিরিধারী মন্দিরের সভাপতি সমীর কর্মকারসহ মন্দির কমিটির অন্য সদস্যরা।
পুলিশ জানায়, মন্দির এলাকায় সিসিটিভি ক্যামেরা থাকায় দুর্ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাত আটটার দিকে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রায়পুর উপজেলার ১৩টি পূজামণ্ডপের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি তদারকি করছে উপজেলা প্রশাসন ও পুলিশ। ইউএনও আজিজুন নাহার ও ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুর্গোৎসবের আনন্দঘন প্রস্তুতির মধ্যে একজন কর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
