

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
দীর্ঘ ১৭ বছরের শাসনামলে দুঃশাসন, অপকর্ম ও গণবিরোধী কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগ আজ রাজনৈতিকভাবে বিপর্যস্ত—এমন মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নতুন বাংলাদেশে কোনো ধরনের সাংগঠনিক তৎপরতা বা রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ নেই।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাঠপর্যায়ে আওয়ামী লীগের তৎপরতার বিষয়ে সতর্ক করে এ্যানি বলেন, ক্ষমতাচ্যুত হয়ে দলটির নেতাকর্মীরা এখন বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে দেশে নানা বিশৃঙ্খলা ও অপকর্ম উসকে দেওয়ার চেষ্টা করছে। জনগণের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো চক্রান্ত নস্যাৎ করতে সরকার ও দলীয় নেতাকর্মীরা সজাগ রয়েছে বলেও জানান তিনি।
দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে শিষ্টাচার ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, দীর্ঘদিনের প্রশাসনিক অরাজকতা ও জটিলতা রাতারাতি দূর করা সম্ভব নয়। স্বল্প সময়ে পুরো ব্যবস্থার পরিবর্তনও বাস্তবসম্মত নয়। তাই পরিস্থিতি বিবেচনায় দায়িত্বশীল রাজনৈতিক আচরণ প্রয়োজন।
তিনি আরও বলেন, কথায় কথায় রাজপথে মিছিল, লংমার্চ কিংবা রোডমার্চের মতো কর্মসূচি দেওয়া বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
দত্তপাড়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে আয়োজিত পরিচিতি সভায় স্থানীয় বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। সভাটি নেতাকর্মীদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন। এছাড়া তৃণমূল নারী রাজনীতির ভবিষ্যৎ ও সাংগঠনিক কর্মকৌশল নিয়ে বক্তব্য দেন মহিলা দলনেত্রী ছকিনা বেগম, তাজনেহার বেগম, নাজমুন নাহার ও রাবেয়া বেগমসহ স্থানীয় নারী নেতৃবৃন্দ।
