

তৌসিফ রেজা, সৈয়দপুর প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘অক্টোবর সেবাপক্ষ’ কর্মসূচির উদ্বোধন করেছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার।
‘লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ’-এর আওতাধীন সংগঠনটির উদ্যোগে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বেলুন উড়িয়ে অক্টোবর সেবাপক্ষের উদ্বোধন করেন মাওলানা ক্বারী মাকসুদুর রহমান। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি ও কামারপুকুর ডিগ্রি কলেজের প্রভাষক লায়ন রেজাউল হক।
সভায় বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক ও সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর লায়ন জোবাইদুল ইসলাম মিন্টু, সাবেক সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা, নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও ক্লাব কর্মকর্তা লায়ন আনিছুর রহমান এবং সৈয়দপুর সরকারি কলেজের প্রভাষক ও ক্লাব কর্মকর্তা লায়ন কহিনুর বেগম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহমেদ।
এ সময় সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লায়ন মোখলেছুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক লায়ন আতাউর রহমান, লায়ন কাজী মানিকসহ প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সেবামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অক্টোবর সেবাপক্ষ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
