

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুর জেলার ছয় থানায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পাঁচ ঘণ্টার এ অভিযানে ৯৯ জনকে আটক করা হয়েছে। আটক সবার বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে রয়েছে। বৃহস্পতিবার( ১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধ প্রবণতা রয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় নেওয়া হয়। সেই অনুযায়ী জেলা পুলিশ,গোয়েন্দা ও থানা পুলিশের যৌথভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার প্রত্যেকটি থানা এলাকায় কিশোর গ্যাংদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে সাধারন মানুষ। বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগও কম নয়। প্রায়ই কিশোর গ্যাংদের মধ্যে মারামারিসহ নানা অপরাধ কর্মকান্ড অব্যাহত রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে জেলার প্রত্যেকটি থানা এলাকায় একযোগে অভিযান শুরু করে পুলিশ। তৃতীয় দিনের এই অভিযানে ৯৯জনকে আটক করা হয়। যাচাই-বাছাই চলছে। এ নিয়ে তিনদিনের অভিযানে ৫৪৭জনকে আট করা হয়। এছাড়া অভিযানের দুইদিনে আটক ৪৪৭জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৭৫জনকে পরিবারের জিম্মায় দেয়া হয়। আর ৭২জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানান. উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিতভাবে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। পাশাপাশি আটক কিশোরদের তথ্য-যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
