ঢাকা
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০২
প্রকাশিত : জুলাই ৬, ২০২৬
আপডেট: জুলাই ৬, ২০২৬
প্রকাশিত : জুলাই ৬, ২০২৬

প্রগতিশীল রাজনীতি ও খেলাঘর আন্দোলনের এক আলোকিত পথিকৃৎ নুরুর রহমান সেলিম আর নেই

নিজস্ব প্রতিবেদক:

প্রগতিশীল রাজনীতি, সাংস্কৃতিক আন্দোলন এবং শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে আজীবন নিবেদিতপ্রাণ বীর মুক্তিযোদ্ধা, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর সদস্য, বিশিষ্ট সম্পাদক ও লেখক নুরুর রহমান সেলিম আর নেই।

সোমবার (৬ জুলাই) বিকেলে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

নুরুর রহমান সেলিম ছিলেন আদর্শনিষ্ঠ রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনা এবং মানবিক সমাজ নির্মাণের এক অক্লান্ত কর্মী। সম্পাদক ও লেখক হিসেবে যেমন তিনি চিন্তার জগতে অবদান রেখেছেন, তেমনি খেলাঘর আন্দোলনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম শিশু-কিশোরের মধ্যে মুক্তচিন্তা, দেশপ্রেম ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার রাতে তাঁর মরদেহ রাজধানীর খিলগাঁওয়ের বাসভবনে নেওয়া হলে গণতন্ত্রী পার্টি, কেন্দ্রীয় খেলাঘর আসর এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

মঙ্গলবার (৭ জুলাই) টাঙ্গাইলের করটিয়ায় নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

নুরুর রহমান সেলিমের মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), কেন্দ্রীয় খেলাঘর আসরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁদের মতে, নুরুর রহমান সেলিমের প্রয়াণে দেশ হারাল একজন আদর্শবান রাজনীতিবিদ, প্রজ্ঞাবান সংগঠক, নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক কর্মী এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী একজন আলোকিত মানুষ।

তাঁর আদর্শ, কর্ম এবং অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram