

আবু তাহের :
গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামে নিজেদের আধিপত্য, মামলা ও পূর্বে লাঞ্চিত ঘটনার জের ধরে মারপিট, বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
মারপিট ও ভাঙচুর ঘটনাটি ঘটেছে কামারপাড়া বাজারের পাশে ২ জুন মঙ্গলবার দুপুরে।
একই ঘটনায় ৪ জন বাদী হয়ে সাঘাটা থানায় পাল্টাপাল্টি ৪টি পৃথক অভিযোগ পুলিশের কাছে জমা দিয়েছে।
মারপিট ও ভাঙচুর ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়ে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
আহতদের মাঝে আনিছুর রহমান নামের এক ব্যক্তি সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে বলেও জানা গেছে।
এঘটনায় ঘটনাস্থলে উভয়পক্ষের লোকজনোর মাঝে উত্তেজনা বিরাজমান।
জানা গেছে .উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত্যু ওমর আলীর ছেলে আনিছুর রহমানের সাথে অতীতে আধিপত্য, লাঞ্ছিত ও একটি মামলা ঘটনার শত্রুতার জের ধরে মৃত তবিবর মন্ডলের ছেলে আঃ মান্নানের লোকজনের সাথে বাকবিতন্ডায় আনিছুর মারপিটের শিকার হয়।
এখবর গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন বাড়ি থেকে লাঠিসোটা হাতে ঘটনাস্থলে পৌঁছে নিজেদের লোকদের পক্ষ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। এসময় মারপিটে উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হয়।
আহতদের মাঝে আনিছুরের অবস্থা আশঙকাজনক দেখে ক্ষিপ্ত জনগণ আব্দুল মান্নান ও রাজ্জাক মেম্বরের বাড়িঘর ভাংচুর করে বলে অনেকেই জানান।
সরেজমিনে উভয় পক্ষের লোকজনের সাথে কথা বললে তারা নিজেদেরকে নির্দোষ দাবি করেন।
কামারপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনিছুরের লোকজন আমাদের বাড়ি ঘর ভাঙচুর করে এবং লুটপাট করে নিয়ে যায়। এতে আমাদের অনেক ক্ষতি সাধন হয়েছে। এ ঘটনায় বেশি ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার পৃথকভাবে তিনটি অভিযোগ থানায় করেছেন।
আঃ মান্নান, আঃ রাজ্জাক ও ইনেফা বেগম বাদী হয়ে আনিছুর রহমানদের লোকজনের বিরুদ্ধে সাঘাটা থানায় তিনটি অভিযোগ দায়ের করেছে।
অপরদিকে আনিছুরের পক্ষে একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক হেলাল বলেন, মান্নান ও তার লোকজনের বাড়ি কামারপাড়া বাজারের আশে পাশে হওয়ায় তার পাড়ার লোকজন বাজারে গেলেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের শিকার হতে হয়। বেঁধে রেখে জরিমানা আদায় করে। মোবাইল কেড়ে নেয়। আমাদের পাড়ার মেয়েরা বাজারের পাশে দিয়ে যাবার সময় তাদেরকে নানানভাবে হয়রানি করা হয়। ওই বাজারে আমাদের যাওয়া লাগবে বলে তাদের অত্যাচার নিরবে সয়ে যাই। তাদের ভয়ে কেহ মুখ খুলতে সাহস পায় না। আমাদের পাড়ার লোকজন ওই বাজারে দোকানঘর থাকলেও সেগুলো খুলতে পারে না। তাদের অত্যাচারে অনেকেই অতিষ্ঠ
পরে বলেন, এই ঘটনায় আনিছুর রহমানের পক্ষে মোছাঃ জান্নাতী আকতার বাদী হয়ে আব্দুল মান্নানের লোকজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন ।
সাঘাটা থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন,মারপিট, ভাঙচুর ও লুটপাট ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে অপরাধ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।
